২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় বলিউড পরিচালক রোহিত শেঠির সুপারহিট ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি নিয়ে বড় ঘোষণা এসেছে। নিজের জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়ে একটি প্রোমো ভিডিও শেয়ার করেছেন পরিচালক। আর সে থেকেই দর্শকদের মাঝে আগ্রহ তুঙ্গে।
সিনেমাটিতে থাকছে বড় এক চমক! ভিডিওতে দেখা যায়, অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তালপাড়ে, কুনাল খেমু এবং তুষার কাপুরকে দেখা যায়; পাশাপাশি শারমান যোশীর কামব্যাক আগ্রহ আরও বাড়িয়ে তোলে দর্শকদের। শুধু তাই নয়, ভিডিওর শেষে অক্ষয় কুমারের উপস্থিতি সবাইকে চমকে দেয়। সেখানে কালো কুর্তা-পাজামা ও চোখে রোদচশমা পরে ন্যাড়া মাথার লুকে দেখা দিয়েছেন অক্ষয়।
নতুন এই সিনেমা প্রসঙ্গে রোহিত শেঠি জানান, ২০ বছর আগে শুরু হওয়া ‘গোলমাল’ তার জীবন বদলে দিয়েছে। দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, তার টিম আবারও দর্শকদের বিনোদন দিতে এই নতুন যাত্রা শুরু করছে। অন্যদিকে, এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হওয়া প্রসঙ্গে অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, রোহিত শেঠির জন্মদিনে উন্মাদনা এবার আরও বাড়বে। গোলমাল পরিবারের এই পাগল সদস্যদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি উচ্ছ্বসিত।
উল্লেখ্য, ২০০৬ সালে ‘গোলমাল: ফান আনলিমিটেড’ সিনেমার মাধ্যমে এই সিরিজের যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, তুষার কাপুরের সঙ্গে শারমান যোশী থাকলেও পরবর্তী কিস্তিগুলোতে তাকে আর দেখা যায়নি। দীর্ঘ দুই দশক ধরে ভারতের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হিসেবে জায়গা করে নিয়েছে ‘গোলমাল’। এখন টি-সিরিজ ও রোহিত শেঠি পিকচার্সের ব্যানারে শুরু হতে যাচ্ছে এর পঞ্চম কিস্তির নির্মাণ কাজ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।