২৪ঘণ্টা অনলাইন: অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। গুঞ্জন উঠেছিল, আত্মহত্যার চেষ্টা করেছিলেন গায়ক। এরপর তার স্ত্রী বিষয়টি স্পষ্ট করেন। এবার হাসপাতাল থেকে নিজের একটি ছবি প্রকাশ করেছেন তানজীব। জানালেন, সুস্থ হয়েছেন তিনি। ১৪ মার্চ সন্ধ্যায় সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে শিল্পী নিজেই তা নিশ্চিত করেন। জানা গেছে, উচ্চ রক্তচাপজনিত সমস্যার কারণে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
ফেসবুক পোস্টে তানজীব সারোয়ার লেখেন, সবার দোয়া আর ভালোবাসা পেয়ে কিছুদিন অসুস্থ থাকার পর আবার ঘরে ফিরে এলাম। আপনাদের দোয়া আর ভালোবাসাই আমার জন্য ভালো থাকার কারণ। একই সঙ্গে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
১২ মার্চ মধ্যরাত থেকে সামাজিক মাধ্যমে তানজীব সারোয়ারের ‘আত্মহত্যার চেষ্টা’ সংক্রান্ত একটি গুজব ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে উদ্বেগ তৈরি হয়। পরবর্তীতে তার স্ত্রী সাবা সানজিদা রহমান বিষয়টি স্পষ্ট করেন। জানান, উচ্চ রক্তচাপের কারণে তানজীব আইসিইউতে ভর্তি ছিলেন এবং কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানান। গুজব ছড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল।
সংগীতশিল্পী ও সুরকার হিসেবে তানজীব সারোয়ারের ক্যারিয়ার এক দশকেরও বেশি সময়ের। ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’র মতো জনপ্রিয় গানের জন্য তিনি দর্শক মহলে বেশ পরিচিত। ২০২৩ সালে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকেও অভিষেক ঘটে তার। বর্তমানে তিনি বিপদমুক্ত হয়ে বাসায় বিশ্রামে রয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।