২৪ঘণ্টা অনলাইন: জনপ্রিয় কমেডি সিরিজ ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আসন্ন ঈদে ফিরছে এই সিরিজের বিশেষ নতুন চ্যাপ্টার। সিজন ৫-এর অংশ হিসেবে এবারের ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০ এ থাকছে নতুন ৮টি পর্ব। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হচ্ছে, ফিরছেন ‘আরেফিন’ চরিত্র; যার মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন অভিনেতা শামীম হাসান সরকার।
পরিচালক কাজল আরেফিন অমি জানিয়েছেন, কাবিলা-পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে আরেফিনের এই ফিরে আসা নতুন সব নাটকীয়তা ও হাসির খোরাক জোগাবে। এই প্রত্যাবর্তনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছেন অভিনেতা তৌসিফ মাহবুব (নেহাল), যার উদ্যোগেই দীর্ঘদিনের অভিমান আর দূরত্বের বরফ গলেছে।
অমি বলেন, আরেফিনকে ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল দল অসম্পূর্ণ। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন- এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।
এবারের ঈদে পরিচালক কাজল আরেফিন অমির অন্য কোনো কাজ আসছে না। পুরো সময় তার ব্যাচেলর পয়েন্টের এই বিশেষ চ্যাপ্টারে। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গো’ অ্যাপে এক্সক্লুসিভভাবে দেখা যাবে ৭৩ থেকে ৮০ নম্বর পর্বগুলো। ‘বঙ্গো ঈদ ফেস্ট’ প্যাকেজের আওতায় দর্শকরা ঈদের এই বিশেষ আয়োজন উপভোগ করতে পারবেন।
বকাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতো থাকছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব ও চাষী আলম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্চিতা স্পর্শিয়া ও লামিয়া লামকে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।