২৪ঘণ্টা অনলাইন : ঈদ মানেই আনন্দ, উৎসব আর সংগীতের বিশেষ আয়োজন। সেই আনন্দকে আরো প্রাণবন্ত করে তুলতে ঈদ উপলক্ষে বিশেষ ব্যান্ড শো নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।দুই পর্বে সাজানো এ আয়োজনে এক পর্বে থাকবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজের একক পরিবেশনা ‘পথচলা’। ব্যান্ডটি তাদের বহুল শ্রোতাপ্রিয় আটটি গান পরিবেশন করবে।
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।অন্য পর্বে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড আর্ক, শুভযাত্রা, অবসকিউর এবং তরুণ। ব্যান্ডগুলো প্রত্যেকে দুটি করে গান পরিবেশন করবে। ‘রক কার্নিভাল’ নামের এই পর্বের প্রযোজনা করেছেন গোলাম মোর্শেদ। ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রচারিত হবে ব্যান্ড শোটি। জনপ্রিয় ব্যান্ডগুলোর প্রাণবন্ত পরিবেশনায় ঈদের আনন্দময় সন্ধ্যা হয়ে উঠবে আরো উচ্ছ্বাসময়—এমনটাই প্রত্যাশা সংগীতপ্রেমীদের।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।