২৪ঘণ্টা অনলাইন: মাত্র ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে বিজয়ী হয়ে সংগীতে পা রাখেন ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সেখানে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নজরে পড়ার পর ‘দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি।
দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০টি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন এই গুণী শিল্পী। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ের পর বর্তমানে তিনি এক পুত্রসন্তানের জননী।
সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বজুড়ে স্টেজ শো বা কনসার্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন শ্রেয়া। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি। মূলত গানের সম্মানী, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি বিশাল অংকের এই সম্পদ অর্জন করেছেন।
বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে এই শিল্পীর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। এই বিপুল সম্পদের মালিক শ্রেয়া ঘোষাল বর্তমানে প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর মাধ্যমে তিনি এই মুহূর্তে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। এই গায়িকার আগে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। আর শ্রেয়ার পরের অবস্থানে আছেন সুনিধি চৌহান।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।