২৪ঘণ্টা অনলাইন: আসছে ঈদে ডজনখানেক সিনেমা মুক্তির তালিকায় থাকলেও শেষ মুহূর্তে ছোট হয়ে আসছে সেই তালিকা। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আব্দুন নূর সজল অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি ঈদে মুক্তি পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা এই নায়িকার সিনেমাটি শেষ পর্যন্ত ঈদের লড়াই থেকে ছিটকে যেতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
এবারের ঈদে ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ ও ‘পিনিক’-এর মতো সিনেমাগুলো সরব প্রচারণা চালালেও ‘দুর্বার’সহ আরও বেশ কিছু ছবি নিয়ে এখনো সুনসান নীরবতা বিরাজ করছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, প্রচারহীনতার মূল কারণ হলো মুক্তির অনিশ্চয়তা। অনেক নির্মাতাই শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন, যার মধ্যে অপুর এই সিনেমাটিও রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সিনেমাটির মুক্তি প্রসঙ্গে সম্প্রতি পরিচালক কামরুল হাসান ফুয়াদ সম্পাদনার কাজ চলার কথা বললেও সিনেমাটি মুক্তির সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি। অন্যদিকে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফেরার অপেক্ষায় থাকা অপু বিশ্বাসও সিনেমাটি না আসার ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, সিনেমাটি নিয়ে বড় পরিকল্পনা থাকলেও প্রোডাকশন হাউসের সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে। তার কথায়, আমাদের সিনেমাটি এবার ওরকমভাবেই আসার পরিকল্পনা ছিল। আসলে প্রোডাকশন তো তাদের ইচ্ছেমতো চলে, বিষয়টা আমার হাতে নয়। অপুর এই মন্তব্যের পর দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই ঈদে হচ্ছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।