২৪ঘণ্টা অনলাইন: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সম্প্রতি একটি কনসার্টে পারফর্ম করছিলেন তিনি। স্বাভাবিকভাবেই গান করছিলেন। কিন্তু হঠাৎ করেই কেঁদে ফেলেন গায়িকা।
ভাইরাল একটি চিডিওতে দেখা যায়, মঞ্চে গান গাইতে গিয়ে কণ্ঠরোধ হয়ে আসায় দর্শকদের কাছে ক্ষমা চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় সুনিধি জানান, তার গলার অবস্থা অত্যন্ত খারাপ, শারীরিক ও মানসিকভাবে গান গাওয়ার মতো অবস্থায় নেই।
এরপর দর্শকদের উদ্দেশে বলেন, আমার সাথে আগে কখনো এমন ঘটেনি। বিষয়টি খুবই অস্বস্তিকর। আমি সবসময় নিজের শতভাগ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ পারছি না। ভক্তদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি মঞ্চেই অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং গান চালিয়ে যেতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।
মাত্র চার বছর বয়স থেকে মঞ্চে গান গাওয়া শুরু করা সুনিধি চৌহান বলিউডে অসংখ্য জনপ্রিয় গান দিয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে 'ধুম মাচা লে', 'দেশি গার্ল', 'কামলি' ও 'শিলা কি জওয়ানি'র মতো অনেক সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।