২৪ঘণ্টা অনলাইন: গায়িকা হিসেবে সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র ঈদ আয়োজনে গান শোনাবেন নায়িকা; সঙ্গে থাকবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। আয়োজক সূত্র জানিয়েছে, পেশাদার কণ্ঠশিল্পী না হয়েও বুবলী অত্যন্ত চমৎকারভাবে গানটি গেয়েছেন। এর মাধ্যমে গান গেয়ে বুবলীর আত্মপ্রকাশ ঈদ ইত্যাদির অন্যতম বড় চমক হিসেবে ধরা হচ্ছে।
জানা গেছে, গানটির কথা লিখেছেন প্রখ্যাত গীতিকবি কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরঙ্গনে নির্মিত ইত্যাদির বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়।
এর আগে ইত্যাদি’র মঞ্চে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ, সিয়াম আহমেদ ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো তারকারা গান গেয়ে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবার বুবলী ও ইমরানের যুগলবন্দি দর্শকদের নতুন অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
হানিফ সংকেত পরিচালিত ‘ইত্যাদি’তে প্রতি বছরই বিশেষ পরিকল্পনা ও বৈচিত্র্যময় পরিবেশনা থাকে। ইতিপূর্বে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী এবং নোবেল ও অপি করিমের মতো তারকারাও এই মঞ্চে গান গেয়েছেন। ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গানের নির্মাণশৈলী, লোকেশন এবং শিল্পীদ্বয়ের গায়কী মিলিয়ে এই পরিবেশনাটিও পূর্বের মতো দর্শকপ্রিয়তা পাবে। জানা গেছে, ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।