২৪ঘণ্টা অনলাইন : ঢাকা মেট্রোরেলে আসন দখল করে রাখার অভিযোগ ঠেকাতে নতুন নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বিশেষ করে এক বা দুই স্টেশন আগে উঠে সিট দখল করে রাখার প্রবণতা—যা ‘লুপ রাইডিং’ নামে পরিচিত—বন্ধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মেট্রোরেলের অপারেশন প্রধান মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, যাত্রীদের অভিযোগের পর মতিঝিল স্টেশনে ট্রেন পরিচালনার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়েছে।
তিনি বলেন, আগে একটি ট্রেন মতিঝিল স্টেশনে এসে প্ল্যাটফর্ম পরিবর্তন করে আবার ছেড়ে যেত। নতুন ব্যবস্থায় ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে, ফলে যাত্রীরা মতিঝিল থেকেই নতুন ট্রেনে উঠতে পারবেন। কোনো যাত্রী মতিঝিল স্টেশনে পৌঁছানোর পর একই ট্রেনে বসে থেকে ফিরতি যাত্রা করতে পারবেন না; তাকে অবশ্যই ট্রেন থেকে নেমে অন্য প্ল্যাটফর্মে গিয়ে নতুন ট্রেনে উঠতে হবে।
এ ছাড়া মেট্রোর প্ল্যাটফর্ম বা ট্রেনের ভেতর অযথা অবস্থান ঠেকাতে চেকইন ও চেকআউটের মধ্যবর্তী সময়সীমাও কমিয়ে আনা হয়েছে।নজরুল ইসলাম জানান, নির্ধারিত সময়ের বেশি কেউ প্ল্যাটফর্ম বা মেট্রোরেল সিস্টেমের ভেতরে অবস্থান করলে তাকে জরিমানার মুখে পড়তে হতে পারে। যাত্রীদের অভিযোগ ছিল, উত্তরা থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনে কিছু যাত্রী আগেই উঠে পড়েন এবং মতিঝিলে নেমে না গিয়ে একই ট্রেনে বসে থাকেন। পরে ট্রেনটি আবার উত্তরার দিকে ফিরলে তারা একই সিটে বসে যাত্রা চালিয়ে যান। এতে সচিবালয় বা শাহবাগের মতো মাঝের স্টেশন থেকে ওঠা যাত্রীরা আসন পান না।
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা রাজু মোল্লা নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা (৩০) উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক।
নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলস্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় কালভার্টের ওপর রেললাইনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১৮ নভেম্বর সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কালভার্টের ওপর রেললাইনে তরল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন প্যান্ট পরিহিত এক যুবক।
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের একটি টিনশেড বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার জোড়পুকুরপাড়সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকায় বাড়িটিতে আগুন দেওয়া হয়।
সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন বনে অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৫৫ রাউন্ড তাজা কার্তুজসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও দুটি ওয়াকিটকি উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান আউটপোস্টের যৌথ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বনদস্যুদের শনাক্ত ও আটকে গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ১৭ নভেম্বর সন্ধ্যার পর আটক কয়েকজন নেতাকর্মীকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রের বরাতে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কুড়িগ্রামের চিলমারীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ কাযক্রম করা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনা মূল্যে সরিষা, চিনাবাদামসহ ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগের আয়োজনে মঙ্গলবার দুপুরে বীজ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ কাযক্রমের উদ্বোধন করেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান।