২৪ঘণ্টা অনলাইন: অভিনেতা এবং সংগীতশিল্পী ফজলুর রহমান বাবু। তার সাবলীল অভিনয় জয় করেছে দর্শকহৃদয়। তবে এবার সেই হৃদযন্ত্রের সমস্যার কারণেই দীর্ঘ সময়ের জন্য ক্যামেরার সামনে থেকে দূরে সরতে হচ্ছে। সফল ওপেন হার্ট সার্জারি শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন।
অভিনেতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করলে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে তার হার্ট অ্যাটাক হয়েছে।
পরবর্তীতে এনজিওগ্রাম ও আনুষঙ্গিক পরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার সফল ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
অভিনেতার স্ত্রী কাজী রোকসানা রমা গণমাধ্যমেক জানান, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তিনি এখন অনেকটা সুস্থ। তবে পুরোপুরি সেরে উঠতে তাকে কঠোর নিয়মে চলতে হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, ধকল কাটিয়ে উঠতে ফজলুর রহমান বাবুকে আগামী অন্তত এক বছর সব ধরনের কাজ ও শারীরিক চাপ থেকে দূরে থাকতে হবে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।