২৪ঘণ্টা অনলাইন : সারা বিশ্বের বক্স অফিসে ঝড় তোলার পর এবার ছোট পর্দায় আসছে ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘জুটোপিয়া ২’। আগামী ১১ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। ২০১৬ সালের অস্কারজয়ী মূল চলচ্চিত্রের এই সিক্যুয়েলটি গত বছর থ্যাংকসগিভিংয়ের সময় প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই একের পর এক ব্যবসায়িক রেকর্ড ভেঙে আলোচনায় রয়েছে।
জুডি হপস ও নিক ওয়াইল্ডের চিরচেনা জুটিকে কেন্দ্র করেই এগিয়েছে এই কিস্তি। এবারের গল্পে এই দুই তদন্তকারীকে রহস্যময় সাপ ‘গ্যারি ডি’স্নেক’-এর সন্ধানে জুটোপিয়া শহরের এক গোপন সরীসৃপ জগতের রহস্য উদ্ঘাটন করতে দেখা যায়। গিনিফার গুডউইন এবং জেসন বেটম্যান যথাক্রমে জুডি ও নিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন। তাদের পাশাপাশি এই কিস্তিতে যুক্ত হয়েছেন কি হুই কোয়ান, অ্যান্ডি স্যামবার্গ এবং ম্যাকাওলে কালকিনের মতো জনপ্রিয় তারকারা।
প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই ‘জুটোপিয়া ২’ বিশ্বব্যাপী ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করে ইতিহাসের অন্যতম সফল অ্যানিমেটেড চলচ্চিত্রে পরিণত হয়েছে। এটি ২০২৫ সালের সব রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে। এ ছাড়া চীনে হলিউড অ্যানিমেশন হিসেবে এটি আয়ের নতুন নজির গড়েছে।
জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই সিনেমাটি বক্স অফিসে অভাবনীয় সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছে। প্রেক্ষাগৃহের সফল দৌড় শেষে এখন ভক্তরা ঘরে বসেই ডিজনি প্লাসে জুটোপিয়ার এই রোমাঞ্চকর অভিযান উপভোগ করতে পারবেন।
সূত্র: ভ্যারাইটি
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।