২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাকে বিয়ে করার পর সংসার আর সন্তানের স্বপ্নে বিভোর অভিনেত্রী রাশমিকা মান্দানা। জীবনে সন্তানই তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন এ নায়িকা।
ভারতীয় সংবাদমাধ্যম প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এমন আভাস দেন রাশমিকা। জানান, এক নয় একাধিক সন্তানের মা হতে চান তিনি।মাতৃত্ব প্রসঙ্গে রাশমিকা বলেন, স্বামী-স্ত্রীর সম্পর্কের বাঁধনকে আরও জোরালো করে সন্তান। তাই মা হওয়ার স্বপ্ন দেখছি। মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা আমার কাছে প্রথম এবং প্রধান গুরুত্ব পাবে।
তবে কি ক্যারিয়ারে নিজেকে গুটিয়ে নেবেন নায়িকা? এমন প্রশ্নের উত্তরও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাশমিকা। অভিনেত্রী মনে করেন, সবার আগে সন্তান। অনাগত সন্তানের জন্য সব করতে প্রস্তুত তিনি। প্রয়োজনে ছাড়তে পারেন চলচ্চিত্র জগতও। গত ২৬ ফেব্রুয়ারি দুই রীতিতে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন হয়। প্রথমে সকাল ১০টায় তেলুগু রীতিতে শুরু হয় মূল বিবাহ অনুষ্ঠান। পুরোহিতের মন্ত্রোচ্চারণ ও পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়েন এই তারকা যুগল।
এরপর একই দিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হয় কোডাভা রীতিতে বিয়ের পর্ব। কর্ণাটকের কুর্গ অঞ্চলের ঐতিহ্য মেনে বিশেষ পোশাক, অলংকার ও স্বতন্ত্র আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অংশ। বিয়েতে তারকার দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন।উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষের পর শোবিজের বন্ধুদের জন্য হায়দরাবাদে আগামী ৪ মার্চ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করছেন বিজয়-রাশমিকা। এ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত অতিথি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।