শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

খোঁজ মিলছে না জাহের আলভীর

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ০৪:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকেই অভিনেতা জাহের আলভীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মামলা দায়েরের পর থেকেই আলভী কার্যত অদৃশ্য হয়ে গেছেন। গত রোববার বিকেলে নেপাল থেকে তার দেশে ফেরার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি জনসমক্ষে আসেননি; এমনকি স্ত্রী ইকরার শেষ বিদায়েও ছিল তার অনুপস্থিতি। 

বর্তমানে আলভীকে নিয়ে শোবিজ অঙ্গনে ধোঁয়াশা ও উত্তেজনা ক্রমেই বাড়ছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার তীব্র সমালোচনা করছেন এবং অনেকেই তার বর্তমান অবস্থান জানতে চাইছেন।অনুসন্ধানে দেখা গেছে, আলভীর ফেসবুক আইডিটি বর্তমানে ডিজেবল অবস্থায় রয়েছে। এমনকি আজ সকালেও তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রোফাইল পিকচারসহ সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেলেও বর্তমানে সেটি ডিঅ্যাকটিভ দেখাচ্ছে। এছাড়া তার ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার কল করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

ইকরার মৃত্যুর সময় আলভী নাটকের শুটিংয়ের কাজে নেপালে অবস্থান করছিলেন। সেখানে তার সঙ্গে চর্চিত প্রেমিকাও ছিলেন বলেও শোনা গেছে, যাকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে স্ত্রীর সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল।  স্ত্রীর মৃত্যুর খবর পাওয়ার পর আলভী জানিয়েছিলেন যে দেশে ফেরার পর তিনি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বলবেন। তবে দেশে ফেরার নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি সাংবাদিকদের সামনে আসেননি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে মামলার আইনি জটিলতা এড়াতে তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক বিবৃতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, রাজধানীর মিরপুর ডিওএইচএসে নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা আলভীকে। পুলিশ জানিয়েছে, দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।