শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইত্যাদিতে অর্ধশতাধিক বিদেশির নাচ-গান-অভিনয়

প্রকাশিত - ০২ মার্চ, ২০২৬   ১২:২৭ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন  : ঈদের বিশেষ আয়োজন মানেই দর্শকদের বাড়তি আগ্রহ—আর সেই তালিকায় সব সময়ই বিশেষ জায়গা দখল করে আছে ইত্যাদি-এর বিদেশি পর্ব। প্রায় তিন দশক ধরে বিদেশি নাগরিকদের অংশগ্রহণে দেশের লোকজ সংস্কৃতি, ইতিহাস ও সামাজিক বাস্তবতা তুলে ধরে আসছেন অনুষ্ঠানের রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।

এই বিশেষ পর্বের লক্ষ্য শুধু বিনোদন নয়, আনন্দের পাশাপাশি বিদেশিদের মাধ্যমে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেওয়া আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য। বাংলা ভাষায় গ্রামের সহজ-সরল মানুষের চরিত্রে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয় লোকজ জীবন, কুসংস্কার, সামাজিক অসঙ্গতি, গ্রামীণ খেলাধুলা এবং সমকালীন নানা সমস্যা। পর্বটির শেষ হয় একটি শিক্ষামূলক বার্তার মাধ্যমে।

অনেকেই ভাবেন—এত বিদেশিকে নিয়ে কিভাবে সম্ভব হয় নাচ, গান ও অভিনয়? দীর্ঘদিন ধরে এই কঠিন কাজটি দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করে আসছেন হানিফ সংকেত। ঢাকায় বসবাসরত বিদেশিদের কাছেও ‘ইত্যাদি’ একটি পরিচিত ও প্রিয় নাম। এমনকি যারা দেশে ফিরে যান, তারাও বন্ধু বা সহকর্মীদের এই অভিজ্ঞতায় যুক্ত হতে উৎসাহিত করেন।

এবারের পর্বে অংশ নিয়েছেন জাপান, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, স্পেন, রোমানিয়া ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিকরা। এদের অনেকেই বাংলাদেশে বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কর্মরত। সব মিলিয়ে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত বিদেশি।

এবারের বিদেশি পর্বে আত্মস্বার্থ ও সুবিধাবাদী দ্বিমুখী চরিত্রের সামাজিক প্রভাবকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি রয়েছে একটি বিষয়ভিত্তিক গানের সঙ্গে নৃত্য পরিবেশনা। গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজিব ও তানজিনা রুমা, সংগীত পরিচালনা করেছেন মেহেদী এবং নৃত্য পরিচালনায় ছিলেন মামুন।

বিদেশিদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘ওরা অপেশাদার তবে অনেক পেশাদার শিল্পীরও ওদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। কয়েকটি শব্দের একটি বাংলা বাক্যকে আয়ত্বে আনতে তারা যে পরিমাণ মহড়া দেয় তা অকল্পনীয়। বিশেষ করে বিদেশিদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা, আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। মাত্র কয়েকদিনের পরিচয়ে বিদেশিদের সাথে যে আত্মীক বন্ধন তৈরি হয় তা কখনোই ভোলার নয়। আশাকরি প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশন-এ, ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।