২৪ঘণ্টা অনলাইন: পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ আলোচনা নেটিজেনদের মাঝে। এবার চাউর হয়েছে তাদের ঘর আলো করে নতুন অতিথি আসার গুঞ্জন; এও ছড়িয়েছে, যমজ সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা! বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন এই জুটির এক ঘনিষ্ঠ সূত্র।
সম্প্রতি এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্ট দ্রুত ভাইরাল হয়। সেখানে দাবি করা হয়, পেরি ও ট্রুডো দম্পতি তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। তাদের সাম্প্রতিক একটি সফরের ছবির সঙ্গে এই তথ্য যুক্ত করে প্রচার করায় মুহূর্তেই তা লাখ লাখ মানুষের নজরে আসে। নেটিজেনদের কেউ কেউ এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করলেও অনেকে তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলেন।
পরে দেখা যায়, এই গুঞ্জনের সূত্রপাত মূলত একটি প্যারোডি অ্যাকাউন্ট থেকে। সেখানে ২০১৪ সালের একটি পুরনো সোনোগ্রাম রিপোর্ট ব্যবহার করে দাবি করা হয় যে কেটি পেরি অন্তঃসত্ত্বা। পরবর্তীতে এক্স-এর ‘কমিউনিটি নোট’-এর মাধ্যমে বিষয়টি ভুয়া বলে চিহ্নিত করা হলেও ততক্ষণে তা ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এই গুঞ্জনের অবসান ঘটানো হয়েছে। দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, জাস্টিন ও কেটির সম্পর্ক চমৎকার কাটছে। তবে বর্তমানে তাদের সন্তান হওয়ার কোনো খবর নেই। সূত্রটি আরও জানায়, তারা এখন একে অপরের সান্নিধ্য এবং আগের সম্পর্কের সন্তানদের নিয়ে বেশ সুখে দিন কাটাচ্ছেন। যদিও এখন পর্যন্ত কেটি পেরি বা জাস্টিন ট্রুডোর পক্ষ থেকে মা হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরটিকে নিছক গুঞ্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।