শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাহস নিয়েই ভিন্ন ঘরানার সিনেমা করছি’

প্রকাশিত - ২৫ ফেব্রুয়ারি, ২০২৬   ০৩:৫৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। পরপর দুটি পোস্টার প্রকাশের মাধ্যমে ‘প্রেশার কুকার’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে নির্মাতার এই ভিন্নধর্মী উদ্যোগ ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।

সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন- শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। পোস্টারে তাদের সাজসজ্জায় যেমন আভিজাত্যের ছাপ তেমন চোখেমুখে ফুটে উঠেছে এক ধরনের রহস্য। সামাজিক মাধ্যমে অনেকেই এই লুকের সঙ্গে বলিউডের ‘হীরামান্ডি’র তুলনা করছেন।

নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে। রাফীর মতে, এই শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে। সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়ক-নির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে সম্পূর্ণ ব্যতিক্রমী পথে হেঁটে একটি হাইপারলিঙ্ক গল্প বলতে চেয়েছেন।

সিনেমাটি নিয়ে নিজের ভাবনা ও অনুপ্রেরণার কথা জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। তিনি বলেন, ‘‘প্রেশার কুকার’ আমার হৃদয়ের খুব কাছের একটি গল্প। আমি সবসময়ই চেয়েছি দর্শকদের নতুন কিছু দিতে। নতুন স্বাদ, নতুন অভিজ্ঞতা, নতুন ভাষা।’

নিজের পূর্ববর্তী কাজের সাফল্যের কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘‘পরান’-এ দর্শক আমাকে যে সাহস দিয়েছেন, সেই সাহস নিয়েই আমি ভিন্ন ঘরানার গল্পে ‘সুড়ঙ্গ’ নির্মাণ করেছি। সেখান থেকে পাওয়া আরও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে বড় ক্যানভাসে ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো গল্প নিয়ে আসতে। দর্শকের এই নিরন্তর সমর্থনই আমাকে ‘প্রেশার কুকার’-এর মতো ভিন্নধর্মী হাইপারলিঙ্ক গল্প ভাবার এবং নির্মাণ করার সাহস দিয়েছে।’

দর্শকদের রুচির পরিবর্তন নিয়ে রাফীর বক্তব্য, ‘আমি বিশ্বাস করি, আমাদের দর্শক এখন বিশ্বের সব ধরনের জনরার কনটেন্ট দেখে অভ্যস্ত। তারা নতুনত্ব বোঝেন, গ্রহণ করেন, এবং মূল্যায়ন করেন। সেই দর্শকদের জন্য নতুন কিছু তুলে ধরা একজন নির্মাতা হিসেবে আমার দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই ঈদে ‘প্রেশার কুকার’ শুধু একটি সিনেমা নয়, এটি হবে এক নতুন অভিজ্ঞতা। আর ‘প্রেশার কুকার’ হবে বাংলাদেশের নতুন দিনের কমার্শিয়াল চলচ্চিত্রের এক শক্তিশালী ঘোষণা।’

প্রসঙ্গত, সিনেমাটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। পরিচালনার পাশাপাশি সিনেমাটির প্রযোজনায়ও রয়েছেন নির্মাতা নিজে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে ‘প্রেশার কুকার’।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।