২৪ঘণ্টা অনলাইন: বলিউড বাদশাহ শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কর্মব্যস্ততা নিয়ে অবাক করা তথ্য ফাঁস করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং মেরুদণ্ডের সমস্যা রয়েছে শাহরুখের- এমনটা জানেন সেই অভিনেতা। তাই বিষ্ময় প্রকাশ করে বললেন, এ অবস্থাতেই ২০ ঘণ্টা কাজ করেন বলিউড কিং!
সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খানের কঠোর পরিশ্রম ও জীবনযাপন নিয়ে মুখ খোলেন গোবিন্দ নমদেব। শাহরুখের এই সহ-অভিনেতার মতে, নায়কের শরীরে নানাবিধ জটিলতা রয়েছে, বিশেষ করে তার শিরদাঁড়ার হাড়ের সমস্যা বেশ পুরনো। গোবিন্দ বলেন, আমি অবাক হয়ে যাই এই ভেবে যে, শরীরে এত সমস্যা থাকার পরও একজন মানুষ কীভাবে দিনে ২০ ঘণ্টা কাজ করতে পারেন? তিনি মাত্র ৩-৪ ঘণ্টা ঘুমান, আবার নিয়ম করে শরীরচর্চা ও সংলাপ মুখস্থ করেন। শারীরিক কষ্টকে উপেক্ষা করেই তিনি সব অনুষ্ঠানে যোগ দেন।
২০০০ সালে মুক্তি পাওয়া ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমায় শাহরুখের সঙ্গে কাজ করেছিলেন গোবিন্দ নমদেব। সেই সময়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শাহরুখের সঙ্গে কাজ করা দারুণ অভিজ্ঞতার। তখনই বুঝেছিলাম, ২৪ ঘণ্টা কাজ করার ক্ষমতা যদি কারও থাকে, তবে তা শুধু শাহরুখেরই আছে। নিজের শরীর নিয়ে একদমই ভাবেন না তিনি।
এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান নিজেও তার অনিয়মিত জীবনযাপনের কথা স্বীকার করেছিলেন। তিনি জানিয়েছিলেন, প্রতিদিন ভোর ৫টায় ঘুমাতে যান তিনি। শুটিং থাকলে মাত্র ৪-৫ ঘণ্টা ঘুমিয়ে সকাল ৯টা বা ১০টার মধ্যে সেটে হাজির হন। কাজ থেকে ফিরে গোসল সেরে আবারও শরীরচর্চায় মনোযোগ দেন তিনি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।