২৪ঘণ্টা অনলাইন : বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ আর্থিক সংকটে পড়ে দেউলিয়া হয়ে গেছেন, এমন গুঞ্জনে সরগরম সামাজিক মাধ্যম। সম্প্রতি ভারতের এক মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় সাধারণ ট্যাক্সি ব্যবহার এবং বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করতে দেখে এই জল্পনা শুরু হয়। তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্র ও তার ভাগ্নে বিনয় আনন্দ এই গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।
বিগত এক বছরে পারিবারিক কলহ ও স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনসহ নানা কারণে আলোচনায় ছিলেন নব্বই দশকের এই শীর্ষ নায়ক। সম্প্রতি তার ‘দেউলিয়া’ হওয়ার খবর রটলে মুখ খোলেন তার ভাগ্নে বিনয় আনন্দ। তিনি জানান, গোবিন্দর আর্থিক অবস্থা নিয়ে যারা নেতিবাচক কথা বলছেন তারা আসলে সত্য জানেন না। বিনয় বলেন, মামা আজও সুপারস্টার। তিনি যেখানেই যাবেন, সেখান থেকেই অনায়াসেই লাখ লাখ টাকা আয় করার ক্ষমতা রাখেন।
গোবিন্দর আর্থিক সচ্ছলতার প্রমাণ দিতে গিয়ে বিনয় আরও জানান, যখন মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম ছিল মাত্র ১২-১৩ লাখ রুপি, তখন গোবিন্দ প্রতি সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারে ৭০ থেকে ৮০টির বেশি সফল সিনেমায় অভিনয় করা একজন তারকার দেউলিয়া হওয়ার খবরটি তার কাছে হাস্যকর মনে হয়েছে। তিনি দাবি করেন, ক্যারিয়ারের মাত্র পাঁচটি সিনেমার আয় দিয়ে গোবিন্দ যে সম্পদ গড়েছেন, তা তৎকালীন অনেক নায়কের পক্ষেই সম্ভব ছিল না।
২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমার পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। মাঝে রাজনীতির মাঠে নামলেও সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকলেও সামাজিক মাধ্যমে তাকে নিয়ে চর্চা কমেনি। নেটিজেনদের একাংশ তার জীবনযাত্রার পরিবর্তন নিয়ে প্রশ্ন তুললেও পরিবারের দাবি, গোবিন্দ এখনও সগৌরবে এবং স্বচ্ছলভাবেই জীবনযাপন করছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।