২৪ঘণ্টা অনলাইন : বিয়ের প্রীতিভোজের আমন্ত্রণপত্র ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। সেই অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হতে চলেছে বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানার। তার আগেই ফাঁস নায়িকার আগামী ছবি ‘ককটেল ২’-এর গল্প। গুঞ্জন, ছবিতে কৃতি সেনন আর রশ্মিকা নাকি ‘সমকামী দম্পতি’র চরিত্রে অভিনয় করতে চলেছেন।
খবর, ছবির শুটিং শেষ হতেই ‘ককটেল ২’ নিয়ে জল্পনা বাড়ছে। শেষ দিনের শুটিংয়ের পরে পরিচালক হোমি আদাজানিয়া একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। পরিচালকের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন রশ্মিকা, কৃতি ও শাহিদ কপূর। তার পরেই ছবির গল্প ফাঁস। শোনা যাচ্ছে, আধুনিক প্রজন্মের সম্পর্ক নিয়ে ছবির গল্প লেখা হয়েছে। সেখানে সম্পর্কের নানা স্তর উঠে আসবে। সমকামী দম্পতির এই গল্পেও থাকবে চমক। সেখানে ‘তৃতীয় ব্যক্তি’ হিসাবে নাকি দেখা যাবে শাহিদকে। যদিও নির্মাতারা এখনও গুঞ্জনে সিলমোহর দেননি।
‘ককটেল ২’ কবে মুক্তি পাবে, এখনও জানা যায়নি। শোনা যাচ্ছে, সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পেতে পারে। এ দিকে, বিয়ের আগে আগামী ছবির গল্প ফাঁস হতেই রশ্মিকাকে ঘিরে অনুরাগীদের কৌতূহল বেড়েছে। বাস্তবে বিজয়ের সঙ্গে তাঁর বিয়ে। পর্দায় কৃতির সঙ্গে তাঁর রসায়ন। কোন ‘ভূমিকা’য় তিনি বেশি ‘নিখুঁত’? দেখার জন্য মুখিয়ে সবাই।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।