২৪ঘণ্টা অনলাইন: ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের জামিন নিয়ে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। সোমবার দিল্লি হাইকোর্ট অভিনেতাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ শর্ত জুড়ে দিয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, সোমবার দুপুর ৩টার মধ্যে ১.৫ কোটি টাকা জমা দিতে পারলেই কেবল জামিন পাবেন তিনি।আদালত জানিয়ে দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ওই অর্থ জমা দিতে ব্যর্থ হলে জামিন পাবেন না অভিনেতা। বর্তমানে চেক বাউন্স সংক্রান্ত এই মামলায় আত্মসমর্পণের পর দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন রাজপাল। এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ চর্চায় রয়েছে।
সেখানে দাবি করা হচ্ছে, রাজপাল যাদব জামিন পেয়েছেন এবং জেল থেকে বেরিয়ে তিনি অভিনেতা সালমান খানকে 'বড় ভাই' সম্বোধন করে ধন্যবাদ জানিয়েছেন। তবে ভিডিওটি সাম্প্রতিক নয় বরং এটি ২০১৮ সালের। সেই সময় অন্য একটি মামলায় প্রায় তিন মাস জেল খেটেছিলেন অভিনেতা। পুরনো সেই ভিডিওটিকেই বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে।
কঠিন এই সময়ে রাজপাল যাদবকে একা ছেড়ে দেননি তার সহকর্মীরা। বিপদের দিনে অভিনেতার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সালমান খান এবং অজয় দেবগনের মতো তারকারা। এছাড়া বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান, নওয়াজউদ্দিন সিদ্দিকি এমনকি কেআরকেও রাজপাল যাদবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।