২৪ঘণ্টা অনলাইন : প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে আছেন চিত্রনায়িকা আরিফা পারভিন জামান মৌসুমী। সেখানে তাকে নিয়ে সামাজিক ও পারিবারিক গল্পে ‘অর্ধাঙ্গিনী’ নামের সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা সৈয়দ আর ইমন।ইমন জানিয়েছেন, সিনেমাটির শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউ জার্সিতে। প্রথমে টেলিফিল্ম হিসেবে অর্ধাঙ্গিনীর শুটিং শুরু হয়। নির্মাণ শেষে যুক্তরাষ্ট্রে একটি প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে সিনেমাটির দৈর্ঘ্য ছিল ১ ঘণ্টা ২০ মিনিট। পরবর্তীতে সিনেমাটি বড় পর্দায় মুক্তির সিদ্ধান্ত নেন নির্মাতা। সে সময় নতুন করে সম্পাদনা ও সংযোজন করে সিনেমাটির দৈর্ঘ্য করা হয় এক ঘণ্টা ৫৬ মিনিট।
ইমন বলেন, ২০২৪ সালে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত ছিল। কিন্তু জুলাইয়ের গণ-অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেননি তিনি। এরপর নানা জটিলতায় যুক্তরাষ্ট্রেও হল পাওয়া সম্ভব হয়নি। তাই রোজার ঈদ ঘিরে একটি ইউটিউব চ্যানেলে শিগগিরই সিনেমাটি প্রচার করা হবে।
চিত্রনাট্য নিয়ে ইমন বলেন, এটি মূলত সময়ের সঙ্গে বদলে যাওয়া মানবিক সম্পর্ক ও পারিবারিক মূল্যবোধের গল্প। আধুনিক জীবনে মানুষ ধীরে ধীরে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, বিপদে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না, এই বাস্তবতা থেকেই সিনেমাটির গল্প ভাবনা, আশা করি গল্পটা দর্শকের পছন্দ হবে।
‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় মৌসুমী ছাড়াও আরও অভিনয় করেছেন তরিকুল ইসলাম মিঠু, জলি আহমেদ, সারোয়ার প্রেমেল, সুমিত চৌধুরী, নওশীন মৃদুলা, জয় চৌধুরীসহ আরও অনেকে। সিনেমাটির প্রযোজক তরিকুল ইসলাম মিঠু এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী হাসান তামজিদ। সিনেমাটি ‘বিডিফিল্মস ইউএসএ’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।