২৪ঘণ্টা অনলাইন: নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো অ্যাকশন হিরো সানি দেওল। ‘ঘায়াল’, ‘ডর’ কিংবা ‘বর্ডার’-এর মতো কালজয়ী সব সিনেমা উপহার দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। দীর্ঘ বিরতির পর আবারও বক্স অফিসে রাজত্ব করছেন এই অভিনেতা। বিশেষ করে ‘বর্ডার ২’ ছবির অভাবনীয় সাফল্যের পর সানি এখন আলোচনার তুঙ্গে। তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলা কঠোর সংগ্রাম আর ধৈর্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই-উতরাই নিয়ে খোলামেলা কথা বলেছেন সানি। চলচ্চিত্রের বিবর্তন এবং দর্শকদের রুচির পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন তিনি।
ক্যারিয়ারের কঠিন সময় প্রসঙ্গে সানি দেওল বলেন, ‘আমি বহু বছর ধরে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত। অনেক পরিবর্তন দেখেছি। তবে আমি একটি বিষয় মনে-প্রাণে বিশ্বাস করি আমি এখানে এসেছি শুধু আমার কাজের জন্য। আপনি অভিনেতা হন বা অন্য যেকোনো পেশার মানুষ, জীবনে উত্থান-পতন থাকবেই কিন্তু হাল ছাড়া যাবে না। আপনাকে কঠোর পরিশ্রম করে যেতেই হবে।’
সাফল্যের সমীকরণ মেলাতে গিয়ে সানি আরও বলেন, ‘দীর্ঘ সংগ্রামের পর যখন কোনো একটি সিনেমা ব্যবসা সফল হয়, তখন মানুষ ভাগ্যের ওপর বিশ্বাস করতে শুরু করে। তার আগে পর্যন্ত সবাই ভাবে, ‘আমি আমার ভাগ্য নিজেই গড়ে নেব, আমি এটা করব, ওটা করব’। মানুষ এভাবেই চেষ্টা চালিয়ে যায়।’
বর্তমানে ‘বর্ডার ২’-এর বিশাল সাফল্য উপভোগ করছেন এই অভিনেতা। ১৯৯৭ সালের ব্লকবাস্টার ‘বর্ডার’-এর এই সিক্যুয়েলটি বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকারও বেশি আয় করে বক্স অফিসে ঝড় তুলেছে। ছবিটিতে সানি দেওলের পাশাপাশি বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেট্টির মতো তারকাদের পারফরম্যান্সও প্রশংসিত হয়েছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।