শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

চঞ্চল চৌধুরীর টালিউড চমক, প্লেব্যাকেও নামছেন

প্রকাশিত - ১৪ ফেব্রুয়ারি, ২০২৬   ০৫:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলাতেও সমধিক জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর বলাই বাহুল্য, চঞ্চল মানেই পর্দায় নতুন কিছু! তবে এবার শুধু অভিনয় নয়, প্লেব্যাকেও অভিষেক হতে যাচ্ছে তার; তাও আবার টালিউডের সিনেমায়। ব্রাত্য বসুর আসন্ন সিনেমা ‘শেকড়’-এর মাধ্যমে প্রথমবারের মতো এমন চমক দেখাতে যাচ্ছেন অভিনেতা। 

‘শেকড়’ সিনেমার দুটি গান গেয়েছেন চঞ্চল। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। স্টুডিওতে সংগীত পরিচালক প্রবুদ্ধ ব্যানার্জির সঙ্গে চঞ্চল চৌধুরীর রিহার্সেলের দুটি ছবি ফেসবুকে শেয়ার করা হয়।

প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, শেকড় ব্রাত্য বসুর চিরন্তন একটি প্রেমের সিনেমা। এখন পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এ সিনেমায় প্রবুদ্ধ ব্যানার্জির সংগীতায়োজনে চঞ্চল চৌধুরী একাধিক গান রেকর্ড করেছেন। এই সিনেমা দিয়ে প্লেব্যাক গায়ক হিসেবে টালিউডে অভিষেক হচ্ছে চঞ্চলের।

এদিকে চঞ্চল চৌধুরী সংবাদমাধ্যমে জানান, শেকড় সিনেমার জন্য দুটি জনপ্রিয় বাউলগান নতুন করে গেয়েছেন তিনি। একটি বিজয় সরকারের ‘এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে’, অন্যটি গোষ্ঠ গোপাল দাসের ‘ও জীবন রে ছাড়িয়া না যাও মোরে’। গান দুটি সিনেমায় ব্যবহারের আইডিয়া চঞ্চলই দেন নির্মাতাকে।

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘দ্রবময়ীর কাশীবাস’ ও ‘দাদু’ ছোটগল্প অবলম্বনে তৈরি হচ্ছে শেকড়। এই সিনেমায় অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। শেকড়ে চঞ্চলের চরিত্রের নাম ইন্দ্র, যে কারখানায় কাজ করে। তার বাবা স্মৃতিভ্রংশের অসুখে ভুগছে। চঞ্চল চৌধুরীর বাবাও মৃত্যুর আগে এমন সমস্যায় ভুগেছেন। এ কারণে শেকড় সিনেমায় কাজ করতে আকৃষ্ট হয়েছেন বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে শুধু চঞ্চল নয়, নির্মাতা ব্রাত্য বসু এর আগে মোশাররফ করিমকে নিয়ে ‘ডিকশনারি’ ও ‘হুব্বা’ নামে দুটি সিনেমা বানিয়েছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।