২৪ঘণ্টা অনলাইন: ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনের বিশেষ দিনে ভক্তদের সামনে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে নিজের জীবনের অনেক অজানা কথা শেয়ার করেছেন তিনি। বিশেষ করে আবারও মা হওয়া নিয়ে চলা নানা জল্পনা নিয়েও কথা বলেছেন এই নায়িকা।
পডকাস্টে বুবলী কথা বলেছেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে তার সংসারের বর্তমান অবস্থা নিয়ে। এছাড়া নিজের প্রথম প্রেম এবং অন্য তারকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়েও খোলামেলা ব্যাখ্যা দিয়েছেন তিনি। সংবাদ পাঠিকা থেকে পরিবারের অমতে কীভাবে চলচ্চিত্রের নায়িকা হলেন, সেই সংগ্রামের কথাও উঠে এসেছে তার বক্তব্যে।
অনুষ্ঠানে সন্তান শেহজাদ খান বীরকে নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বুবলী। এছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান তিনি। বুবলী বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার ঘোষণার আগে আমাকে অভিনন্দন জানানো হয়েছে যে, আমিই পুরস্কার পাচ্ছি। পরবর্তীতে যদিও সেটি হয়নি। তখন মনকে এটা বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ।
মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ ১৪ ফেব্রুয়ারি রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ এই পর্বটি। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই ‘ভ্যালেন্টাইনস স্পেশাল’ পর্বে বুবলী এমন সব কথা বলেছেন, যা আগে কখনো কোনো অনুষ্ঠানে বলেননি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।