শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান যুদ্ধে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল : ট্রাম্প

প্রকাশিত - ১২ ফেব্রুয়ারি, ২০২৬   ১২:৫৬ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : শুল্ক আরোপের হুমকি দিয়ে গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া সংঘাত থামিয়েছিলেন দাবি করার পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতে ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যাও এবার বাড়িয়ে বললেন। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারত এবং সেই পরিস্থিতিতে ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। শুল্ক আরোপের হুমকি দিয়েই দুই দেশকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছি।মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ‘ফক্স বিজনেস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন দাবি করেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ মিটমাট করেছি। এই আটটি যুদ্ধের মধ্যে অন্তত ছয়টি থেমেছে শুল্কের কারণে।। আমি বলেছিলাম, যদি তোমরা এই যুদ্ধ না মেটাও, তবে আমি তোমাদের ওপর শুল্ক চাপিয়ে দেব, কারণ আমি মানুষকে মরতে দেখতে চাই না।’ট্রাম্প আরও বলেন, ‘তারা তখন বলেছিল, এর সঙ্গে শুল্কের সম্পর্ক কী? আমি বলেছিলাম, তোমাদের মাসুল দিতে হবে। যেমন ভারত ও পাকিস্তান।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমার মতে, এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত। তারা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। তারা রীতিমতো লড়ছিল।’ফক্স বিজনেসের সঙ্গে সাক্ষাৎকার চলাকালে ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের লড়াই থামিয়ে অন্তত এক কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমার মতে, তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছিল। শুল্কের ভয় না থাকলে এটা সম্ভব হতো না।’গত বছরের ১০ মে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশ ‘পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর পর থেকে এ পর্যন্ত ট্রাম্প ৮০ বারের বেশি ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন।

১০ মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট অসংখ্যবার দাবি করেছেন, ওই সংঘাতের সময় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল। অবশ্য ওইসব যুদ্ধবিমান কোন দেশের ছিল, তা তিনি সুনির্দিষ্টভাবে বলেননি।শুরুতে ট্রাম্প ভারত–পাকিস্তান সংঘাতে পাঁচটি বিমান ভূপাতিত হওয়ার কথা বললেও গত অক্টোবরে সেই সংখ্যা বাড়িয়ে সাতটি এবং নভেম্বর মাসে আটটি বলে দাবি করেন।

সংঘাত বন্ধে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে ভারত।ভারত গত বছরের ৭ মে পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান চালায়। পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এর আগে ওই বছরের ২২ এপ্রিল পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। ওই ঘটনার জবাব হিসেবেই ভারত এই অভিযান চালায় বলে জানায় নয়াদিল্লি।পরবর্তীকালে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। প্রায় তিন ধরে চলে উভয় দেশের সংঘাত। ট্রাম্পের দাবি, সেই সংঘাত পারমাণবিক যুদ্ধের দিকে গড়াতে পারত। তবে এ বিষয়ে ভারত বা পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।