২৪ঘণ্টা অনলাইন : ঈদুল ফিতরকে সামনে রেখে নির্মিত হচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মালিক’। এতে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ঢাকায় সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। ঢাকার অদূরে সাভারে এখন সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে।
সিনেমাটির পরিচালক সাইফ চন্দন সংবাদমাধ্যমকে জানান, রাজশাহীতে প্রথম ধাপের শুটিং সম্পন্ন করার পর এবার ঢাকায় দ্বিতীয় লটের কাজ শুরু হয়েছে। তবে সিনেমাটির নায়ক আরিফিন শুভ এখন শুটিংয়ে নেই। ব্যক্তিগত কাজে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। পরিচালক জানান, চলতি মাসের শেষের দিকে শুভ দেশে ফিরে সিনেমার শেষ লটের শুটিংয়ে যোগ দেবেন।
অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মালিক’। এই সিনেমার মাধ্যমে প্রায় চার বছর পর বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে আরিফিন শুভ ও মিমকে। এর আগে ২০১৯ সালে গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমায় তাদের সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল।জানা যায়, সিনেমার চরিত্রের প্রয়োজনে শুভ ও মিম দুজনই বিশেষ ফিটনেস প্রশিক্ষণ নিয়েছেন। নির্মাতার পরিকল্পনা, দর্শকদের সামনে তাদের একদম নতুন লুক ও নতুন অ্যাকশন ইমেজে হাজির করা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।