২৪ ঘণ্টা অনলাইন: নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ঢাকা ২৬’। ইশতিয়াক আহমেদের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় এই নাটকটির গল্পে উঠে আসবে একজন প্রভাবশালী রাজনীতিবিদের দুই কর্মীর নানা কাণ্ড।
নেতার প্রিয়পাত্র হওয়া এবং নিজের প্রভাব বিস্তারের লড়াইয়ে লিপ্ত থাকবেন সেই দুই কর্মী। তবে এই রাজনৈতিক দ্বন্দ্বের মাঝে নতুন মাত্রা যোগ করে প্রেম। একই নারীকে দুই কর্মীর ভালোবাসার জেরে তাদের ব্যক্তিগত বিভেদ চরমে পৌঁছায়। প্রভাবশালী নেতা এই সংকট নিরসনের চেষ্টা করেও ব্যর্থ হন, যার ফলে গল্পের মোড় নেয় এক চূড়ান্ত পরিণতির দিকে।
এশা রহমান প্রযোজিত এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা ও আকাশ রহমান। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সরদার রওনক রিপন, জ্যাক সজলসহ প্রায় অর্ধশতাধিক শিল্পী। জানা গেছে, গত মাসের শেষ দিকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে। এতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আজহারুল ইসলাম অভি। খুব শিগগিরই এটিভি ইউএসের পর্দায় প্রচারিত হবে নাটকটি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।