২৪ঘণ্টা অনলাইন : বছর দুয়েক আগে, অর্থাৎ ২০২৪ সালে ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী হিনা খান জানতে পারেন, তিনি ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসার অংশ হিসেবে কেমোথেরাপি শুরু হওয়ার আগেই মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেন তিনি। চুল পড়ার আগেই নিজের চুল নিজেই কেটে ফেলেন অভিনেত্রী। বর্তমানে আগের চেয়ে অনেকটাই সুস্থ হিনা।
জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে ধীরে ধীরে ফিরে যাচ্ছেন স্বাভাবিক ছন্দে। এরই মধ্যে নিজের দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রথম শোনার মুহূর্তে কী করেছিলেন—এই প্রশ্নের মুখোমুখি তাকে বারবারই হতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন হিনা খান।
তিনি বলেন, ‘বিষয়টাকে বাইরে থেকে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। আমার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছিল।’ সেই সময়ের কথা স্মরণ করে হিনা জানান, তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছিলেন। আবেগে ভেঙে পড়েননি। বরং নিজের পছন্দের খাবার অর্ডার করেছিলেন। ‘আমি ফালুদা খুব ভালোবাসি। সেদিন সেটাই অর্ডার করে খেয়েছিলাম’, বলেন তিনি। এর পরই শুরু হয় তার দীর্ঘ চিকিৎসা ও লড়াইয়ের পথচলা—যার অনেকটাই ভক্তদের অজানা নয়।
উল্লেখ্য, অসুস্থতার মধ্যেই প্রেমিক রকি জয়সওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হিনা খান। কোনো আড়ম্বর নয়, একেবারে সাদামাটা আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে।
২০০৯ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’-এর সেটেই প্রথম দেখা হয় হিনা ও রকির। ওই ধারাবাহিকের প্রযোজক ছিলেন রকি জয়সওয়াল। কলকাতার এক ব্যবসায়ী পরিবারের সন্তান রকির সঙ্গে প্রথম কাজেই গড়ে ওঠে তাদের সম্পর্ক, যা সময়ের পরীক্ষায় টিকে থেকে পরিণতির পথে পৌঁছেছে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।