২৪ ঘণ্টা অনলাইন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। সাবলীল অভিনয় আর মোহনীয় হাসিতে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব এই তারকা। সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরতে দ্বিধা করেন না তিনি।
এবার সমাজের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সোচ্চার হলেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গৃহকর্মীদের অধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সাফা কবির। তার সেই বার্তাটি মুহূর্তেই নেটপাড়ায় প্রশংসায় ভাসছে। সাফা কবির তার পোস্টে লিখেছেন, ‘কাজের মানুষরাও কিন্তু মানুষ এটা ভুলে যাবেন না। শুধু টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি। বাড়ির কাজের মানুষদেরও হৃদয় আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে। তারাও ক্লান্ত হয়। তারাও অসুস্থ হয়।’
গৃহকর্মীদের কেবল শ্রমের মাধ্যম হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এটি সাহায্যের হাত, কোনো যন্ত্র নয় কোনো বস্তু নয়। কোনো দাস নয়, দয়া দেখাতে কিছুই লাগে না। মানবিক হতে লাগে আরও কম।’ তার কথায়, ‘বাড়ির কাজের মানুষদের সাথে সম্মানের সঙ্গে আচরণ করুন। তারাও একটি ভালো জীবনের যোগ্য।’ সাফার এই মানবিক পোস্টটি ভক্ত-অনুরাগীদের মাঝে দারুণ প্রভাব ফেলেছে। অনেকেই তার এই সাহসী ও সময়োপযোগী বার্তাকে সাধুবাদ জানাচ্ছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।