২৪ঘণ্টা অনলাইন: মেগাস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শেষ করে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। শাকিবের সঙ্গে পর্দা ভাগ করা, সিনেমায় তার চরিত্র এবং ওপার বাংলার অভিনেতা দেবের সিনেমায় কাজ করা প্রসঙ্গে সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়ে ফারিণ জানান, তারকা নায়কের পাশে থাকা বড় বিষয় হলেও শুধু সেই কারণেই তিনি রাজি হননি। তার ভাষায়, বড় নায়কের বিপরীতে অভিনয় অবশ্যই ইতিবাচক।
ফারিণ বলেন, এই প্রথম সম্পূর্ণ বিনোদনধর্মী চরিত্রে অভিনয় করছি। আপনারা যাকে গ্ল্যামারাস বলেন। তার ওপরে প্রচুর স্তর। নব্বইয়ের দশক উঠে আসবে ছবিতে। অথচ আমি ওই সময়ে জন্মাইনি। তা ছাড়া, প্রত্যেক দৃশ্যে আমার চরিত্রটি বদলাতে বদলাতে এগোবে। এত কিছু একটি চরিত্রে পেলে কোন অভিনেত্রী না খুশি হন! সিনেমায় দ্বিতীয় নায়িকা হিসেবে জ্যোতির্ময়ী কুণ্ডু থাকলেও নিজের চরিত্রের গভীরতার কারণেই তিনি কাজটি করতে আগ্রহী হন।
কলকাতার সিনেমায় কাজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফারিণ জানান, টালিউড অভিনেতা দেবের ‘প্রজাপতি ২’ সিনেমায় কাজ করার কথা থাকলেও সেটি শেষ পর্যন্ত হয়নি। তবে সামনে নতুন কোনো কাজ নিয়ে দেবের সঙ্গে যোগাযোগ হচ্ছে কি না, সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। ফারিণ বলেন, কলকাতায় কাজ করার ইচ্ছা আমারও আছে। অনেকের সঙ্গে কথা হচ্ছে, তবে চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছু বলতে চাই না। গত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি যে, আগেভাগে কিছু বললে কাজ বাতিল হলে ভক্তরা কষ্ট পান। উল্লেখ্য, ‘প্রিন্স’ সিনেমায় ফারিণকে অ্যাকশন দৃশ্যেও দেখা যেতে পারে বলে গুঞ্জন রয়েছে, তবে চমক বজায় রাখতে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। আপাতত অভিনয় ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছেন না এই তারকা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।