২৪ ঘণ্টা অনলাইন: দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন, সেখানে উন্মুক্ত বেবি বাম্প নিয়েই চলাফেরা করতে দেখা যায় তাকে। এ সময় নিজের শারীরিক অবস্থার বিষয়টিও ভক্তদের জানান অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, সোনম কাপুর বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন; চলতি বছরের বসন্তেই তার কোলজুড়ে নতুন অতিথি আসার কথা রয়েছে। সেই অনুষ্ঠান শেষে ফেরার সময় আলোকচিত্রীরা সোনমকে ঘিরে ধরেন। এ সময় এক সংবাদকর্মী অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে প্রশ্ন করলে তিনি হাসিমুখে উত্তর দেন। সোনম বলেন, আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ।
সাধারণত গর্ভাবস্থায় তারকারা জনসমাগম এড়িয়ে চললেও সোনমের এমন সৌজন্যবোধ সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে। ২০২২ সালে সোনম ও আনন্দ আহুজা দম্পতির প্রথম সন্তান ‘বায়ু’র জন্ম হয়। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর বড় হওয়ার পাশাপাশি নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে কাপুর ও আহুজা পরিবার। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই সফর নিয়ে সোনম বেশ ইতিবাচক। বর্তমানে তিনি মুম্বাইয়ে তার বাবা, অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।