২৪ঘণ্টা অনলাইন: অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক জগতেও নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত তার রেস্তোরাঁ ‘স্কারলেট হাউজ’ এখন আলোচনায়। তবে সাধারণ খাবারের চড়া মূল্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা। বিশেষ করে মেনুতে এক প্লেট খিচুড়ির দাম ৫৫০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০০ টাকা) রাখা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
মুম্বাইয়ের একটি ৯০ বছরের পুরনো পর্তুগিজ বাংলোর আড়াই হাজার বর্গফুট জায়গা জুড়ে তৈরি এই রেস্তোরাঁটি; যার অর্ধেক মালিকানা মালাইকা আরোরা ও তার ছেলে আরহান খানের। স্বাস্থ্যসচেতন হিসেবে পরিচিত মালাইকার এই রেস্তোরাঁর মেনুও সাজানো হয়েছে পুষ্টিকর খাবারের সমন্বয়ে। তবে খাবারের দামও এখানে বেশ চড়া। মেনুতে সাধারণ মশলা খিচুড়ি ৫৫০ রুপি হলেও অ্যাভোকাডো টোস্টের দাম রাখা হয়েছে ৬২৫ রুপি এবং বিশেষ সালাদের দাম ৭২০ রুপি। এছাড়া লুধিয়ানার বাটার চিকেনের দাম ৭৫০ রুপি।
খাবার ছাড়াও পানীয়ের দামও সাধারণ গ্রাহকদের বিস্মিত করেছে। স্বাস্থ্যকর হিসেবে দাবি করা এই রেস্তোরাঁর এক বোতল পানির দাম ৩৫০ রুপি। চুল ও ত্বকের যত্নে সহায়ক হিসেবে পরিচিত বিট ও বেদানার বিশেষ এক গ্লাস পানীয়র দাম ৪৫০ রুপি। এছাড়া অভিজাত এই রেস্তোরাঁটিতে পাওয়া যায় প্রায় ২৯ হাজার রুপি মূল্যের শ্যাম্পেন ও ককটেল।
১০০ আসন বিশিষ্ট এই রেস্তোরাঁটি আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জার জন্য বলিউডের তারকাদের কাছে বেশ জনপ্রিয়। মালাইকা আরোরা নিজেই জানিয়েছেন, তিনি ব্যক্তিগত জীবনে যে ধরনের ডায়েট বা খাদ্যাভ্যাস মেনে চলেন, তার ওপর ভিত্তি করেই এই রেস্তোরাঁর মেনু তৈরি করা হয়েছে। বলিউডের অনেক তারকারাও তার রেস্তোরাঁয় গিয়েছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।