২৪ঘন্টা অনলাইন : সিনেমা হিসেবে বড়পর্দায় আসতে পারে একসময়ের জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘নাগিন’। বলিউড প্রযোজক একতা কাপুর তার সফল এই ফ্র্যাঞ্চাইজিকে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ‘নাগিন’-এর নতুন সংস্করণ সরাসরি সিনেমা হলে মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে প্রযোজকের। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে সিনেমাটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আগের সিজনগুলোর পরিচিত মুখদের কাউকে দেখা যাবে, নাকি নতুন কোনো অভিনেত্রীকে ‘নাগিন’ চরিত্রে উপস্থাপন করা হবে- তা নিয়ে আলোচনা চলছে।
প্রসঙ্গত, একতা কাপুর প্রযোজিত ‘নাগিন’ টেলিভিশনে একাধিক সিজনে প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। মৌনী রায়, তেজস্বী প্রকাশসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষে থাকার কারণে ‘নাগিন’কে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধরা হয়। এবার সেই জনপ্রিয় গল্প বড়পর্দায় কীভাবে উপস্থাপিত হয়, সেদিকেই নজর দর্শকদের।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।