২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ তাদের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। সম্প্রতি খবরটি সংবাদ মাধ্যমে এই তারকা জুটি নিশ্চিত করলেও তাদের কন্যার বিয়ে হয় গত বছরের ২৪ ডিসেম্বর।
জানা গেছে, ঢাকার উত্তরায় পারিবারিক আয়োজনেই হয় এই বিয়ের আয়োজন; পাত্রের নাম ইহসান মনসুর চৌধুরী। মাহাদিয়া ও ইহসানের মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। ইহসান মনসুর চৌধুরী সপরিবার সিডনিতে বসবাস করেন।
মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থান করছেন। সেখানে যাওয়ার আগেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এদিকে, মেয়ের বিয়ের খবর জানিয়ে সামাজিকমাধ্যমে মেয়ে ও জামাতার জন্য দোয়া চেয়েছেন নাঈম। এ বিষয়ে তিনি বলেন, মেয়েকে দেশের বাইরে পাঠানো নতুন নয়, তবে এবারের বিদায়টা ভিন্ন অনুভূতির। অন্যদিকে শাবনাজ জানান, ভালো একটি পরিবারে মেয়েকে তুলে দিতে পেরে তারা স্বস্তিতে আছেন এবং দম্পতির সুখী দাম্পত্য কামনা করেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।