২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় ভারতীয় কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়া দম্পতির ঘরে এসেছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তান জন্মের পর থেকেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছিল তার নাম নিয়ে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের দ্বিতীয় ছেলের নাম ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি।
ভারতী ও হর্ষ তাদের ছোট ছেলের নাম রেখেছেন ‘যশবীর’। বড় ছেলে লক্ষ্যের (ডাকনাম গোলা) পর এবার ছোট ছেলের জন্য বেশ ওজনদার একটি নাম বেছে নিয়েছেন এই তারকা দম্পতি। যশবীর শব্দের আক্ষরিক অর্থ হলো ‘বিখ্যাত যোদ্ধা’ বা ‘সাহসী যোদ্ধা’। সংস্কৃত শব্দ ‘যশ’ এবং ‘বীর’ এই দুইয়ের সমন্বয়ে তৈরি হয়েছে নামটি, যা একজন সফল ও সাহসী ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।
ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, স্বামী হর্ষের কোলে বড় ছেলে লক্ষ্য এবং ভারতীর কোলে পরম আদরে শুয়ে আছে ছোট্ট যশবীর। ছবি প্রকাশ্যে আসতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন তারা। তবে যশবীর অফিশিয়াল নাম হলেও ভারতী জানিয়েছেন, আদর করে তাকে তারা কাজু বলে ডাকবেন। তাদের বড় ছেলের ডাকনাম গোলার মতোই এই নামটিও বেশ আলোচনার জন্ম দিয়েছে।
দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা অবশ্য ভারতীর জন্য কিছুটা ভিন্ন ছিল। জানা গেছে, ভারতী মনেপ্রাণে একটি কন্যা সন্তান চেয়েছিলেন। কিন্তু আবারও পুত্রসন্তান হওয়ায় শুরুতে কিছুটা মন খারাপ হয়েছিল তার। তবে নতুন অতিথিকে পেয়ে এখন সেই বিষাদ আনন্দেই রূপ নিয়েছে। সন্তান জন্মের মাত্র কয়েকদিন পরেই কাজে ফিরে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন ভারতী। এমনকি প্রসবকালীন জটিলতার কথাও তুলে ধরেন তিনি। হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ায় তড়িঘড়ি করে হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। তবে সব বাধা কাটিয়ে বর্তমানে সুস্থ মা ও ছেলে বাড়িতেই সময় কাটাচ্ছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।