২৪ ঘণ্টা অনলাইন : বলিউড অভিনেতা রণবীর সিং এবার বড়সড় আইনি ঝামেলার মুখে পড়েছেন। ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। দেশটির কর্ণাটকের বেঙ্গালুরুস্থ হাই গ্রাউন্ড’ থানায় রণবীরের বিরুদ্ধে এই অভিযোগ জমা পড়ে। অভিযোগের মূলে রয়েছে কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র চৌভুন্ডি দৈব্য সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অবমাননা। মাস কয়েক আগে ভারতের গোয়ায় আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চে উঠে ঋষভ শেট্টির কালজয়ী সিনেমা কান্তারার ভূয়সী প্রশংসা করতে গিয়েছিলেন রণবীর।
অতি-উৎসাহে তিনি ছবিতে দেখানো চামুণ্ডাদেবীর অনুকরণ করে অভিনয় দেখান। শুধু তাই নয়, অভিনেতা চামুণ্ডাদেবীকে ‘মহিলা ভূত বলে সম্বোধন করেন। রণবীরের এমন মন্তব্য ও শারীরিক ভঙ্গি ঘিরেই বিতর্কের ঝড় ওঠে। পুলিশ সূত্রে জানা গেছে, বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেঠাল এই অভিযোগটি দায়ের করেছেন। ভারতীয় ন্যায় সংহিতার ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় অভিনেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, রণবীর সিং হিন্দু দেব-দেবীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন এবং অভিনয়ের নামে চামুণ্ডাদেবীকে উপহাস করে কর্ণাটকের সংস্কৃতিকে অপমান করেছেন।
ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন কান্তারা খ্যাত পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর যখন মঞ্চে এমনটা করছিলেন, তখন তিনি বার বার ইশারায় তাকে থামতে বলেছিলেন। ঋষভ বলেন, আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। সিনেমা বা অভিনয় হতেই পারে, কিন্তু যে দৈব্যের রূপ ওখানে দেখানো হয়েছে, তা অত্যন্ত পবিত্র ও সংবেদনশীল বিষয়। আমাদের কাছে এই দেব-দেবী খুব গভীর আবেগের জায়গা। তাই আমি যেখানেই যাই, এই দৈব্যের নকল করতে সবাইকে নিষেধ করি।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।