২৪ঘণ্টা অনলাইন : ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর অংশ হিসেবে সম্প্রতি জাপান সফর করেছে কে-পপ এর গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিংক’।ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গত ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে অনুষ্ঠিত টানা তিনটি শো-তে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে মঞ্চে ঝড় তোলেন রোজে, জেনি, লিসা ও জিসু। গানের তালে শিল্পীদের নাচের মুদ্রা পুরো গ্যালারিতে এক অভাবনীয় উন্মাদনা তৈরি করে।পুরো আয়োজনে ‘হুইসেল’ ও ‘বুম্বায়া’ থেকে শুরু করে একের পর এক হিট গান পরিবেশন করেন শিল্পীরা। কনসার্টের শেষভাগে ভক্তদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েন ব্ল্যাকপিংক সদস্যরা।
বিদায়ী বার্তায় তারা জানান, এত দ্রুত সময় কেটে যাওয়ায় তাদের খারাপ লাগছে। এই তিন দিনে দর্শকদের কাছ থেকে পাওয়া অসাধারণ সমর্থনের জন্য তাঁরা সকলের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।টোকিও পর্ব শেষ করে ব্ল্যাকপিংক এখন হংকংয়ের পথে রওনা হয়েছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করবে গ্রুপটি, যার মধ্য দিয়েই ‘ডেডলাইন’ ট্যুরের সমাপ্তি ঘটবে।
এদিকে ভক্তদের জন্য বড় সুখবর হলো, দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তাদের তৃতীয় ইপি ‘ডেডলাইন’।এই অ্যালবামে থাকছে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে থেকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।