২৪ঘণ্টা অনলাইন : আগামী ফেব্রুয়ারিতে নাকি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা বিয়ের পিঁড়িতে বসবেন! সে রকমই নাকি ঘটতে চলেছে বলে খবর। জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পরিবার এবং অতি নিকটজন। বিয়ের অনুষ্ঠান মিটিয়ে হায়দরাবাদে ফিরে নবদম্পতি ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় ভাবে উদ্যাপন করবেন। অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন রশ্মিকা।
নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি। তবু একই জায়গায় একসঙ্গে একাধিক বার ঘুরতে গিয়েছেন। দিনকয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলাবলি করছেন, ওঁরা নিজেদের ‘অবিবাহিত পর্ব’ উদ্যাপনে গিয়েছিলেন। এই প্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন যেমন বার বার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি এই বিষয় নিয়ে তখনই কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’’
মাসকয়েক আগে তাঁদের বাগ্দানের খবর ছড়ানোর পরে উভয়ের অনামিকাতেই বহুমূল্য আংটি শোভা বাড়িয়েছে। সেটাও চোখ এড়ায়নি কারও। তাই বিয়ের তারিখ জানাজানি হতেই চওড়া হাসি তাঁদের মুখে। যদিও নিজেরা এই বিষয়ে কিছুই খোলসা করেননি। ফেব্রুয়ারি মাস প্রেমের মাস। সেই মাসে প্রেম পরিণতি পাওয়ার খবরে খুশি সবাই।
কিন্তু প্রেম বা বাগ্দান নিয়ে এত লুকোছাপা কেন? বিশেষ করে রশ্মিকার তরফ থেকে? খবর, ২০১৭-র জুলাইয়ে অভিনেতা রক্ষিত শেট্টীর সঙ্গে প্রথম বাগ্দান হয়েছিল রশ্মিকার। এক বছর পরে সেই বাগ্দান ভেঙে যায়। কেন দু’জনের পথ আলাদা হয়ে যায়? সেটা জানাননি রক্ষিত-রশ্মিকা কেউই। তবে ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্ভবত সেই সম্পর্ক ভেঙে যাওয়ার কারণেই প্রেম, বাগ্দান, বিয়ে নিয়ে রশ্মিকা এ বার তাই চুপচাপ।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।