শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

পরীমণি-চঞ্চলের ‘শাস্তি’

প্রকাশিত - ১৯ জানুয়ারি, ২০২৬   ১২:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘শাস্তি’ অবলম্বনে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক লিসা গাজী। এতে প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী ও পরীমণি। সোমবার (১৯ জানুয়ারি) সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা। পরিচালক লিসা গাজী বলেন, “রবীন্দ্রনাথের গল্প নিয়ে সিনেমাটি হচ্ছে। চঞ্চল চৌধুরী ও পরীমণির পাশাপাশি আরো বেশ কয়েকজন শিল্পী এতে অভিনয় করবেন। আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।” 

গত দেড় বছর রাজনৈতিক বাস্তবতায় খানিকটা চাপের মধ্য দিয়ে গেলেও কাজের ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর ব্যস্ততা কমেনি। বর্তমানে তিনি তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবং রেদওয়ান রনির ‘দম’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর আগে ‘উৎসব’ সিনেমায় নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তিনি। 

অন্যদিকে, পরীমণির ক্ষেত্রে চিত্রটা কিছুটা ভিন্ন। ব্যক্তিগত কারণে দীর্ঘ সময় ধরে তার সিনেমার কাজে খানিকটা ছন্দপতনে রয়েছে। এর মধ্যেই ‘ডোডোর গল্প’ নামের একটি সিনেমার শুটিং শেষ হলেও মুক্তি নিয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে ২০০৪ সালে নন্দিত নির্মাতা চাষী নজরুল ইসলাম একই গল্প অবলম্বনে ‘শাস্তি’ সিনেমা নির্মাণ করেন। সে সময় সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন রিয়াজ ও পূর্ণিমা।  

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।