শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মোংলা বন্দরের শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি

প্রকাশিত - ১৫ জানুয়ারি, ২০২৬   ১১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মোংলা বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বন্দরে কর্মরত শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

মোংলা বন্দরে কর্মরত শ্রমিকরা তাদের সংগঠন শ্রমিক কর্মচারী সংঘ (রেজি. নং খুলনা-২১৪৩)-এর মাধ্যমে কর্মঘণ্টা, মজুরি বৃদ্ধি, ভাতা, শ্রমিক কল্যাণ বোর্ডের সুবিধা, বীমা ও চিকিৎসা সুবিধাসহ মোট ১৮টি যৌক্তিক দাবি উপস্থাপন করেন।

এই দাবিসমূহ নিয়ে মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটরস অ্যাসোসিয়েশন (মালিক পক্ষ) এবং শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকগুলোতে দাবিগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয় এবং গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের অনিষ্পন্ন বিষয়গুলোর নিষ্পত্তিতে সিদ্ধান্তে উপনীত হয়।

সভায় উত্থাপিত ১৮ দফা দাবি গুরুত্বসহকারে পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে সকল দাবি নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল শ্রমিকদের মজুরি বৃদ্ধি। এ প্রেক্ষিতে মালিক পক্ষ বিদ্যমান প্রথানুসারে দৈনিক স্বাভাবিক আট ঘণ্টা কর্মঘণ্টার মজুরির ওপর ২৬ শতাংশ মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করে।

এছাড়া শ্রমিকদের কর্মস্থলে যাতায়াত সংক্রান্ত বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকায় বসবাসরত শ্রমিকদের কিয়ারা লঞ্চঘাট থেকে ডিউটি শুরুর পূর্বে যাত্রা শুরু এবং ডিউটি শেষে নিরাপদে বাসস্থানে পৌঁছানো পর্যন্ত সময়কে কর্মঘণ্টার অন্তর্ভুক্ত হিসেবে গণ্য করা হবে। একই সঙ্গে ডিউটি শেষে শ্রমিকদের দ্রুত ও নিরাপদে কিয়ারা লঞ্চঘাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব মালিক পক্ষ গ্রহণ করবে।

অবশিষ্ট ১৬ দাবি পারস্পরিক সমঝোতা ও ঐকমত্যের ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হয়।সভায় মালিক পক্ষের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটরস অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, সেক্রেটারি মো. জুলফিকার আলী। শ্রমিক পক্ষের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আলাউদ্দিন, আলী হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশগ্রহণ করেন। (বাসস)

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
অস্ট্রেলিয়াসহ ওশেনিয়া অঞ্চলে বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ এবং নতুন ক্রেতা অনুসন্ধানের লক্ষ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো-২০২৬’-তে অংশ নিয়েছে বাংলাদেশের ১৪টি প্রতিষ্ঠান। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় এবারের মেলায় ২০ দেশের ৯ শতাধিক প্রদর্শক অংশ নিচ্ছেন। বাংলাদেশের অংশগ্রহণকারী ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আর্থিক সহযোগিতা এবং অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় অংশ নিয়েছে। বাকি পাঁচটি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করছে।
রাজধানীর মুগদা, মানিকনগর ও খিলগাঁওয়ের কয়েকটি বাজারে কাঁচামরিচের দাম কমে কেজিপ্রতি ৩০ টাকায় নেমেছে। তবে একই বাজারের স্থায়ী দোকানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শীতের শুরুতে সরবরাহ বৃদ্ধি ও আমদানিকৃত মরিচের উপস্থিতিকে দাম কমার কারণ বলছেন ব্যবসায়ীরা। কম দামে মরিচ পেয়ে স্বস্তিতে ক্রেতারা।
রাজধানীর আইসিসিবিতে ১৯ নভেম্বর শুরু হচ্ছে ইন্টেরিয়র, ফার্নিচার ও সাইনেজ প্রযুক্তিবিষয়ক তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী আয়োজনে নয়টি দেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ২০০টি স্টলে আধুনিক পণ্য, যন্ত্রপাতি ও প্রযুক্তি তুলে ধরবে। দর্শনার্থীদের জন্য প্রবেশ উন্মুক্ত থাকবে বিনামূল্যে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এনআরসি অ্যাকাউন্টের মাধ্যমে বিদেশ থেকে অর্থ সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের জন্য চালু তিন ধরনের বন্ডের মেয়াদ ও বিনিয়োগসংক্রান্ত বিধিনিষেধ শিথিলের পরিকল্পনা করা হচ্ছে। বর্তমানে এসব বন্ডে ৬০৪ মিলিয়ন ডলারের সমপরিমাণ বিনিয়োগ রয়েছে। উদ্যোগগুলো বাস্তবায়িত হলে রিজার্ভ ও ডলারের সরবরাহ বাড়তে পারে।