২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রে প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ গানের শুটিং মাত্র এক টেকে সম্পন্ন করে রেকর্ড গড়ল ‘পিনিক’ সিনেমা। ‘আধাচাঁদ’ শিরোনামের এই রোম্যান্টিক গানটির মাধ্যমেই শেষ হয়েছে সিনেমাটির দৃশ্যধারণের কাজ। গানটিতে পর্দায় রসায়ন জমিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী ও চিত্রনায়ক আদর আজাদ।
পরিচালক জাহিদ জুয়েলের বিশেষ পরিকল্পনায় গানটির শুটিং শুরু হয়। টানা চার ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টার মধ্যে গানটির কাজ শেষ করেন সংশ্লিষ্টরা। সিনেমার নির্বাহী প্রযোজক শিমুল খান জানান, দেশী সিনেমার ইতিহাসে এক টেকে শুট করা এটিই প্রথম কোনো গান। চিত্রগ্রাহক ইবাদ আলিম ও স্টেডিক্যাম অপারেটর কাউসারের কারিগরি দক্ষতায় গানটি নিপুণভাবে ধারণ করা হয়েছে। কোরিওগ্রাফার মোফাসসেল আলিফের নির্দেশনায় শুটিংয়ের আগে দিনভর মহড়া করেছিলেন প্রধান দুই অভিনয়শিল্পী।
এই অভিজ্ঞতাকে ‘উজ্জ্বল দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করে পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন চিত্রনায়িকা বুবলী। নায়ক আদর আজাদের মতে, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এমন চ্যালেঞ্জিং কাজ সম্ভব ছিল না। পরিচালক জাহিদ জুয়েল জানান, গানটি শোনার পরই তিনি এমন ভিন্নধর্মী পরিকল্পনার সাহস করেছিলেন।নারীপ্রধান গল্পের সাইকো থ্রিলার অ্যাকশন ধাঁচের সিনেমা ‘পিনিক’ প্রযোজনা করেছে ইউরো-বাংলা এন্টারটেইনমেন্ট। জাহিদ আকবরের লেখা ও জিয়া রাজের কণ্ঠে গানটির সংগীতায়োজন করেছেন শান্ত শান। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে। সেই লক্ষ্যে আগামী রোববার সিনেমাটি বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হবে।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।