২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছোট পর্দা জয় করে যিনি এখন ব্যস্ত বড় পর্দায়। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব। পাশাপাশি মেহজাবীনের স্টাইল স্টেটমেন্টও সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সরব উপস্থিতি ভক্তদের জন্য নিয়মিত নতুন চমক নিয়ে আসে। সম্প্রতি এই তারকা অভিনেত্রী হাজির হয়েছেন একেবারেই রাজকীয় লুকে।
গোল্ডেন বেনারসি সিল্ক শাড়িতে তার আভিজাত্যমাখা লুক সামাজিক মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করে মেহজাবীন ক্যাপশনে ছোট করে লিখেছেন, ‘একটি বিয়ে খেতে যাই।’ শেয়ার করা ছবিতে দেখা যায়, আভিজাত্যের সঙ্গে আধুনিক স্টাইলিংয়ের এক দারুণ সমন্বয় ঘটিয়েছেন তিনি। সোনালি শাড়ির কারুকাজ আর মেহজাবীনের মায়াবী চোখের চাহনি যেন একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। তার মিষ্টি হাসিতে মুগ্ধ হয়েছেন সাধারণ নেটিজেনরা। প্রিয় অভিনেত্রীর এমন স্নিগ্ধ রূপ দেখে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে কমেন্ট বক্সে। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘অপূর্ব, সবসময় সুখে থেকো।’ অন্য একজন লিখেছেন, ‘মাশাল্লাহ, আপনাকে খুব সুন্দর লাগছে।’
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।