২৪ ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ নিয়ে গত কয়েকদিন ধরেই ঢালিউড পাড়ায় চলছিল নানা আলোচনা। বিশেষ করে দেশের বাইরের শুটিংয়ের জন্য ভিসা জটিলতা তৈরি হওয়ায় সিনেমাটি আদৌ আলোর মুখ দেখবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে এই বিগ বাজেটের সিনেমার শুটিং। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ।
তিনি জানান, আজ থেকে শুটিং ইউনিট কাজ শুরু করলেও শাকিব খান আগামী সপ্তাহ থেকে অংশ নেবেন। বর্তমানে ঢাকায় চারদিনের একটি শিডিউল রাখা হয়েছে। এরপর পুরো ইউনিট উড়াল দেবে শ্রীলঙ্কায়, যেখানে সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ সম্পন্ন হবে। শুরু থেকেই একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে, নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত ডন ‘কালা জাহাঙ্গীর’-এর জীবন অবলম্বনে নির্মিত হচ্ছে ‘প্রিন্স’। তবে এমন দাবিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা।
এই সিনেমায় শাকিবের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে একঝাঁক তারকাকে। এতে নারী প্রধান চরিত্রে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু এবং বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। কাস্টিংয়ে আরও চমক নিয়ে থাকছেন শক্তিশালী অভিনয়শিল্পী নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ এবং শরীফ সিরাজসহ অনেকে। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।