শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নির্বাচন : প্রথম ধাপের ভোটে ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে সেনা–সমর্থিত ইউএসডিপি

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ১২:১৮ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মিয়ানমারে জাতীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটে পার্লামেন্টের নিম্নকক্ষের ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে সেনা–সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। সোমবার (৫ জানুয়ারি) পর্যন্ত প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। খবর এএফপি। ২০২১ সালে শান্তিতে নোবেলজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে। প্রায় পাঁচ বছর পর এবার সামরিক জান্তার অধীনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

দেশের বড় একটি অংশ সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সরকার এই নির্বাচন আয়োজন করেছে। সামরিক জান্তা এটিকে ‘গণতন্ত্রের পথে ফিরে আসার উদ্যোগ’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।কয়েকটি ধাপে অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। প্রথম ধাপের ভোট হয় গত ২৮ ডিসেম্বর। এএফপির প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার (২ জানুয়ারি) ভোটের ফল প্রকাশ শুরু হয় এবং সোমবার প্রথম ধাপের পূর্ণ ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত ফল অনুযায়ী, নিম্নকক্ষের ১০২ আসনের মধ্যে ৮৯টিতে জয় পেয়েছে ইউএসডিপি—যা মোট আসনের প্রায় ৮৭ শতাংশ। বাকি আসনগুলো পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর প্রতিনিধিত্বকারী কয়েকটি দল।বিশ্লেষক ও গণতন্ত্র পর্যবেক্ষকদের মতে, ইউএসডিপি কার্যত সামরিক বাহিনীর আজ্ঞাবহ একটি দল। দলটির শীর্ষ পর্যায়ে অসংখ্য সাবেক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রয়েছেন।

২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)-এর কাছে ভরাডুবি ঘটে ইউএসডিপির। সামরিক বাহিনী সেই নির্বাচনের ফলাফল মানতে অস্বীকৃতি জানিয়ে ভোটে কারচুপির অভিযোগ তোলে এবং পরবর্তী সময়ে অভ্যুত্থান ঘটায়।অভ্যুত্থানের পর অং সান সু চি ও এনএলডির শীর্ষ নেতাদের গ্রেপ্তার করা হয়। দল হিসেবে এনএলডিকে বিলুপ্ত করা হয়। বর্তমানে ৮০ বছর বয়সী সু চি কারাগারে রয়েছেন।

সামরিক অভ্যুত্থানের পর দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা পরে সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। সুচির ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের নেতৃত্বাধীন পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ), আরাকান আর্মিসহ একাধিক বিদ্রোহী সংগঠন দেশের বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়।

এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন আয়োজন করেছে জান্তা সরকার। আগামী ১১ জানুয়ারি দ্বিতীয় ধাপ এবং ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ফলাফল যাই হোক না কেন, সংবিধান অনুযায়ী পার্লামেন্টের নিম্নকক্ষের ২৫ শতাংশ আসন ও মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদ সেনাবাহিনীর জন্য সংরক্ষিত থাকবে। ফলে রাজনৈতিক ক্ষমতার ওপর সামরিক বাহিনীর প্রভাব অব্যাহত থাকবে।পশ্চিমা কূটনীতিক ও মিয়ানমারের গণতন্ত্রপন্থিরা এই নির্বাচন বয়কট করেছেন। তাদের দাবি, এটি সামরিক শাসনেরই আরেক রূপ। তাদের ভাষায়, এই নির্বাচন ‘নতুন বোতলে পুরোনো মদ’ ছাড়া কিছু নয়।

অং সান সু চির কারাবন্দি থাকা, তার দলের বিলুপ্তি, ভিন্নমত দমনে সরকারের কঠোরতা এবং ভোটে সেনা–সমর্থিত দলের আধিপত্য—এসব কারণে নির্বাচনটির বৈধতা নিয়েই প্রশ্ন তুলছেন তারা। বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ভোট প্রতিহত করার ঘোষণা দিয়েছে। জান্তা কর্তৃপক্ষও স্বীকার করেছে, দেশের সব অঞ্চলে ভোট আয়োজন সম্ভব হয়নি; ফলে বেশ কিছু এলাকা ভোটের বাইরে রাখা হয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তেজস্ক্রিয় পদার্থযুক্ত বোমা (ডার্টি বোমা) বিস্ফোরণ কিংবা রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। ১৭ নভেম্বর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
রোহিঙ্গাদের বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যা কনভেনশন লঙ্ঘন হয়েছে কি না, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেই বিষয়ে রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গাম্বিয়ার করা এই মামলায় মিয়ানমারের রাষ্ট্রীয় দায় নির্ধারণের পাশাপাশি ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের বিষয়ও গুরুত্ব পাবে। রোহিঙ্গাদের ন্যায়বিচারের প্রত্যাশার পাশাপাশি আন্তর্জাতিক আইনে গণহত্যার দায় নির্ধারণের ক্ষেত্রে রায়টি গুরুত্বপূর্ণ নজির তৈরি করতে পারে।
দুর্নীতির অভিযোগের তদন্তের স্বার্থে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলসুক উখনা। একটি রেলপথ নির্মাণ প্রকল্পের চুক্তিতে ২ কোটি ৫০ লাখ ডলারের ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট। তাঁর পদত্যাগ কার্যকর করতে ১২৬ সদস্যের সংসদের অনুমোদন প্রয়োজন।
ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য ‘ডার্টি বোম্ব’ হামলার পরিকল্পনা নিয়ে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট স্থান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের লক্ষ্য করার পরিকল্পনা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। তবে হামলার সিদ্ধান্ত বা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। এদিকে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় নিরাপত্তা প্রস্তুতি জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। ইরান অবশ্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
দেশে অবকাঠামো উন্নয়ন ও বেসরকারি বিনিয়োগ বাড়াতে ‘পিপিপি মনিটর : বাংলাদেশ’ চালু করেছে সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ পিপিপি ফোরামে এর উদ্বোধন করা হয়। সড়ক, রেল, বন্দর, জ্বালানি, পানি, আইসিটি ও সামাজিক অবকাঠামোসহ আটটি খাতের বিনিয়োগ পরিস্থিতি মূল্যায়ন করবে এই উদ্যোগ। পাশাপাশি পিপিপি প্রকল্পের স্বচ্ছতা, প্রস্তুতি ও বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কারের দিকনির্দেশনা দেওয়া হবে। পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের শুরুর দিকে।