শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে : জেনিফার লোপেজ

প্রকাশিত - ০৬ জানুয়ারি, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ভালোবাসা, সম্পর্ক এবং আত্মসম্মান—এই তিনটি বিষয় নিয়েই এবার খোলাখুলি কথা বললেন হলিউড তারকা ও গায়িকা জেনিফার লোপেজ। দীর্ঘদিনের প্রেমিক ও অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে বিচ্ছেদের এক বছর পর, সম্পর্ক নিয়ে নিজের বদলে যাওয়া ভাবনার কথা তুলে ধরে ভালোবাসার নতুন শর্ত জানালেন এই বিশ্বতারকা।

সম্প্রতি লাস ভেগাসে চলমান নিজের কনসার্টের মঞ্চে দাঁড়িয়ে দর্শকদের সঙ্গে ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নেন ৫৬ বছর বয়সী জেনিফার লোপেজ। জীবনের অভিজ্ঞতা, ভাঙা সম্পর্ক এবং আত্মসম্মান কীভাবে তাকে ভালোবাসাকে নতুনভাবে বুঝতে শিখিয়েছে—তা উঠে আসে তার কথায়।

মঞ্চে পারফর্ম করার আগে ১৯৯৯ সালে মুক্তি পাওয়া নিজের জনপ্রিয় গান “If You Had My Love”–এর স্মৃতিতে ফিরে যান জেনিফার। তিনি বলেন, “যখন প্রথম এই গানটা গেয়েছিলাম, তখন আমি খুব ছোট ছিলাম। মনে হতো, আমি যেন পথ হারানো একটা বাচ্চা। গানটায় তখন অনেক আশা ছিল।”

এই গানটি তার জীবনের বিভিন্ন সময়ে সঙ্গী হয়েছে—কখনো দুঃখে, কখনো আনন্দে। তবে এখন সেই গান তিনি গাইছেন নতুন উপলব্ধি ও আত্মবিশ্বাস নিয়ে। জেনিফারের ভাষায়, “আজ আমি গানটা গাই শক্তি নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে।” দর্শকদের উদ্দেশে জেনিফার স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “যদি কেউ আমার ভালোবাসা চায়, তাহলে তাকে সেটা অর্জন করতে হবে। আমাকে সম্মান করতে হবে, ভদ্র আচরণ করতে হবে। আমি যেমন, ঠিক সেভাবেই আমাকে মেনে নিতে হবে।”

ভালোবাসা যে সহজ নয়, সেটিও অকপটে স্বীকার করেন এই তারকা। একাধিক সম্পর্ক ও বিয়ের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন—ভালোবাসার সঙ্গে কষ্টও আসে। এ প্রসঙ্গে জেনিফার বলেন, “ভালোবাসা মানেই ঝুঁকি। হৃদয় ভাঙার ভয় থাকবেই। ভালোবাসলে এই কষ্টের শঙ্কাও মেনে নিতে হয়।”

বিচ্ছেদের পর নিজের অবস্থান আরও পরিষ্কার করেছেন জেনিফার লোপেজ। তার মতে, ভালোবাসার জন্য আর নিজেকে হারিয়ে ফেলার সময় শেষ। এখন ভালোবাসার মানে হলো—নিজের সম্মান, নিজের সীমা এবং নিজের শক্তিকে আঁকড়ে ধরা। আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসা পাওয়া বা দেয়ার পক্ষে নন তিনি—এই বার্তাই স্পষ্টভাবে দিয়েছেন বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এই তারকা।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।