২৪ ঘণ্টা অনলাইন : গত বছরে ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। এমন সময়ে রোজার কিছু দৃষ্টিনন্দন আয়োজন ও নজরকাড়া লুক আলোচনায় চলে এলো; সঙ্গে বিবাহবার্ষিকীর শুভেচ্ছায়ও ভাসছেন তারা। সম্প্রতি একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা আহমেদ। আর তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে; তৈরি হয় নানা আলোচনা। রোজা প্রায়ই নানা লুকে নজর কাড়েন ভক্তদের; এবার যেন চমকেই দিলেন।
এদিন তিনি ঝিলিমিলি সিকুইন দেওয়া বডিকন গাউনে ধরা দেন; যেখানে তাকে অত্যন্ত গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। এছাড়াও সেই মিষ্টি আয়োজনে বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।
গত বছরের ৪ জানুয়ারি বিয়ে করেন তাহসান-রোজা। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং রাতারাতি তারা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। পরে জানা যায়, মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন রোজা। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সে নিজস্ব প্রতিষ্ঠান ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ সফলভাবে পরিচালনা করছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।