২৪ ঘণ্টা অনলাইন : বর্তমানে বলিউডের অন্যতম সুখী দম্পতির তালিকায় রণবীর সিং-দীপিকা পাড়ুকোন জুটি। সংসারে সুখ নিয়েই এক লম্বা সময় অতিক্রম করেছেন তারা। কিন্তু সম্প্রতি দীপিকার একটি মন্তব্য নিয়ে বেশ আলোচনা তার ভক্তমহলে। কারণ, নির্মাতা সঞ্জয় লীলা বানসালিকে নাকি বিয়ে করতে চেয়েছিলেন তিনি! মূলত, জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে সালমান খানের এক প্রশ্নের জবাবে মজার ছলে এমন মন্তব্য করেছিলেন এই নায়িকা। সম্প্রতি সেই পুরনো অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে।
ঘটনাটি ছিল ‘পদ্মাবত’ সিনেমার প্রচারের সময়ের। অনুষ্ঠানের সঞ্চালক সালমান খান দীপিকাকে একটি মজার খেলায় অংশ নিতে বলেন। শর্ত ছিল- রণবীর সিং, শাহিদ কাপুর ও সঞ্জয় লীলা বানশালি; এই তিনজনের মধ্যে একজনকে বিয়ের জন্য, একজনকে প্রেমের জন্য এবং অন্যজনকে হত্যার (খেলার অংশ হিসেবে) জন্য বেছে নিতে হবে। সেই প্রশ্নের উত্তরে দীপিকা জানান, তিনি রণবীরের সঙ্গে প্রেম করতে চান এবং শাহিদ কাপুরকে ‘হত্যা’ করবেন। তবে বিয়ের জন্য তিনি বেছে নেন পরিচালক সঞ্জয় লীলা বানশালিকে।
অনুষ্ঠানে দীপিকা আরও জানিয়েছিলেন যে, শাহিদ কাপুর তখন বিবাহিত ছিলেন বলেই মজার ছলে তাকে হত্যার তালিকায় রেখেছিলেন। অন্যদিকে, সেই সময়ে রণবীর ও দীপিকার প্রেম চলছিল; তাই বিয়ের জন্য ছবির পরিচালককেই বেছে নিয়েছিলেন তিনি। তবে বাস্তবে এই মজার মন্তব্যের কয়েক বছর পরই অর্থাৎ ২০১৮ সালে রণবীর সিংয়ের সঙ্গে সাতপাকে ধরা পড়েন দীপিকা। ২০২৪ সালে এই তারকা দম্পতির কোল আলো করে আসে কন্যাসন্তান ‘দুয়া’।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।