শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পকে ব্যঙ্গ করে সেরা পুরস্কার জিতলেন সেই উপস্থাপক

প্রকাশিত - ০৫ জানুয়ারি, ২০২৬   ০২:১২ পিএম
webnews24

২৪ ঘণ্টা অনলাইন : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধ আর পর্দায় ব্যঙ্গাত্মক মন্তব্যের জন্য পরিচিত সঞ্চালক জিমি কিমেল। দীর্ঘদিনের সেই আলোচিত লড়াইয়ের মাঝেই এবার নতুন সাফল্য যুক্ত হলো এই মার্কিন উপস্থাপক-কমেডিয়ানের। ৩১তম বার্ষিক ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এ তার অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’ সেরা টক শোর স্বীকৃতি পাওয়ায় সেরার খেতাবটি উঠল কিমেলের হাতেই। 

পুরস্কার গ্রহণের পর মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্পকে ফের ব্যঙ্গ করেন এই টেলিভিশন তারকা। কিমেল বলেন, আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে। তিনি না থাকলে আজ রাতে আমাদের খালি হাতে বাড়ি ফিরতে হতো। ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড গুলোকে ইঙ্গিত করে কিমেল আরও বলেন, মিস্টার প্রেসিডেন্ট, প্রতিদিন আপনি যেসব হাস্যকর কাণ্ড করছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। গত কয়েক সপ্তাহ ছিল দারুণ। আবার সম্প্রচারে ফিরে এসে আপনার এসব কাণ্ড নিয়ে কথা বলার জন্য আমরা মুখিয়ে আছি।

এ সময় কিমেল তার অনুষ্ঠানের লেখক, অভিনয়শিল্পী এবং প্রযোজকদেরও বিশেষ ধন্যবাদ জানান। বর্তমান পরিস্থিতিতে বাকস্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ- সেটিও মনে করে দেন কিমেল। বলেন, আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে, এই শহর বা এই দেশে আমরা বাকস্বাধীনতাকে হালকাভাবে নিই না। আপনাদের এই পদক্ষেপগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

জিমি কিমেল ও ডোনাল্ড ট্রাম্পের এই দ্বৈরথ বিশ্বজুড়ে পরিচিত। ট্রাম্প যখন সামাজিক মাধ্যমে কিমেলকে ‘অযোগ্য’ বা ‘বাজে সঞ্চালক’ বলে আক্রমণ করেছেন, কিমেলও পাল্টাপাল্টি বিদ্রূপ করে তাকে ছেড়ে কথা বলেননি। এমনকি অস্কারের মতো বড় মঞ্চেও ট্রাম্পের নীতি ও ব্যক্তিগত আচরণের সমালোচনা করেছেন তিনি। মার্কিন রাজনীতি নিয়ে কিমেলের এই স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক উপস্থাপনা এখন আন্তর্জাতিকভাবে তার শো-এর প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে।

‘জিমি কিমেল লাইভ’ মূলত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টেলিভিশন নেটওয়ার্ক এবিসি -তে প্রচারিত একটি জনপ্রিয় লেট-নাইট টক শো। ২০০৩ সাল থেকে প্রচারিত এই অনুষ্ঠানে সঞ্চালক জিমি কিমেল মার্কিন রাজনীতি ও সমসাময়িক নানা ঘটনার ওপর নিয়মিত ব্যঙ্গাত্মক আলোচনা করেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে কিমেলের আলাদা পরিচিতি রয়েছে। ২০২৪ সালের অস্কারের মঞ্চে ট্রাম্পের এক সমালোচনার জবাবে কিমেলের পাল্টা মন্তব্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। সম্প্রতি ডিজনির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন কিমেল; এবং মার্কিন দর্শকদের কাছে অত্যন্ত প্রভাবশালী এক নাম।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্‌বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।