২৪ ঘণ্টা অনলাইন : জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কোনো কিছুর প্রতিই তিনি খুব কট্টর বা উগ্র নন, বরং জীবনের প্রতিটি বাঁককে একটি জার্নি বা ভ্রমণ হিসেবে দেখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।রুনা খান বলেন, ‘ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা।’
নিজের কাজ করার ধরণ নিয়ে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। রুনা বলেন, ‘আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।’
বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান। তার কথায়, ‘১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।’ উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মান এবং ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি সবসময় প্রাধান্য দিয়ে আসছেন।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।