২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে আলাদা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জয় ভানুশালি ও মাহি ভিজ। কয়েক মাস ধরেই তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কানাঘুষো চলছিল। গুঞ্জন ছিল, তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও বছরের প্রথম সপ্তাহেই বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত ভক্তদের জানিয়ে দিলেন এই যুগল।
সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে জয় ও মাহি জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এই বিচ্ছেদের পেছনে কোনো তিক্ততা বা তৃতীয় কোনো ব্যক্তির হাত নেই বলে দাবি করেছেন এই তারকা দম্পতি। একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেই তারা দাম্পত্য জীবনের ইতি টানছেন। বিবৃতিতে তারা বলেন, ‘আমাদের পথ আলাদা হলেও বন্ধুত্ব আগের মতোই অটুট থাকবে। এই সিদ্ধান্তের পেছনে কোনো খলচরিত্র বা নেতিবাচকতা নেই। আমরা একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবেই পাশে থাকব।’
তিন সন্তানের মা-বাবা জয় ও মাহি। দাম্পত্য সম্পর্কের ইতি ঘটলেও সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে কোনো আপস করছেন না তারা। আমির খান-কিরণ রাও কিংবা হৃতিক রোশান-সুজান খানের মতো তারাও হাঁটছেন ‘কো-প্যারেন্টিং’ বা যৌথ অভিভাবকত্বের পথে। তারা জানিয়েছেন, মা-বাবা হিসেবে সন্তানদের সব দায়িত্ব তারা আজীবন একসাথেই পালন করবেন। ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রত্যাশা করেছেন এই জুটি। তাদের মতে, একে অপরের প্রতি সম্মান রেখেই বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান তুলে ধরেছেন চিত্রনায়িকা পরীমনি। মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ হাজিরা শেষে তিনি বলেন, সাংবাদিক পরিচয় দিয়ে কেউ অন্যায় আচরণ করতে পারেন না। গত ৫ নভেম্বর এক সাংবাদিকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শের অভিযোগ তুলে তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছিলেন পরীমনি। এদিকে ২০২১ সালে দায়ের হওয়া মাদক মামলার আইনি কার্যক্রমও চলছে।
জীবনের ৭৪ বছর পূর্ণ করলেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। জন্মদিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। ১৭টি ভাষায় গান গাওয়া এই শিল্পীর সংগীতজীবনে রয়েছে ১০ হাজারেরও বেশি গান, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস, আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং স্বাধীনতা পুরস্কারের মতো অসংখ্য অর্জন।
আয়ারল্যান্ডের ১৪তম সিল্ক রোড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। ছবিটির জন্য বেল্ট অ্যান্ড রোড জুরি বিশেষ পুরস্কার অর্জন করেছেন তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে নির্মিত সিনেমাটি এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে।